সিরিয়ায় সহিংসতা চলছেই, ইদলিবে ২০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় অস্ত্রবিরতি বহাল সত্ত্বেও সহিংসতা চলছেই। গতকাল সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে একাধিক বিস্ফোরণের ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা ভবনগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে তারা জানায়। মানবাধিকার সংস্থাটির তথ্যমতে, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে নিহত ব্যক্তির সংখ্যা আটজন বলে উল্লেখ করা হয়। এর মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে। এ হামলার পেছনে সন্ত্রাসীরা রয়েছে বলে টিভিতে প্রচারিত খবরে দাবি করা হয়। এদিকে রাজধানী দামেস্কের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়। রাজধানীর কাছে কুদশিয়া উপশহরে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটে। এটিও গাড়িবোমা ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত ১২ এপ্রিল থেকে দেশটিতে জাতিসংঘের অস্ত্রবিরতি প্রস্তাব কার্যকর করা হয়েছে। কিন্তু সহিংসতা বন্ধ হয়নি।জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো সিরিয়ায় সহিংসতা বন্ধে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রক্তপাত বন্ধের অঙ্গীকার করলেও তা রক্ষা হয়নি। এএফপি।