সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব লিগের রোডম্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা অবসানে গত সোমবার রোডম্যাপ দিয়েছে আরব লিগ। এদিকে বিক্ষোভ দমনে সরকারের সেনারা রক্তক্ষয়ী যে অভিযান চালাচ্ছে, তা ঠেকাতে ‘নো-ফ্লাই জোন’ আরোপসহ সেনা অভিযান চালানোর আশঙ্কা নাকচ করেছে পশ্চিমা জোট ন্যাটো।কাতারের রাজধানী দোহায় আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি বলেন, রোডম্যাপ অনুযায়ী তাঁরা সিরিয়ার সড়কগুলো থেকে সেনাদের ট্যাংক সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিরোধী পক্ষগুলোকে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তাঁরা।আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি জানান, গত রোববার দোহায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেমের নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধির কাছে আরব লিগের পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়। এখন পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গড়া আরব লিগের একটি প্রতিনিধিদল জবাবের জন্য অপেক্ষা করছে।সিরিয়ায় অনিয়ন্ত্রিত রক্তপাত আরব বিশ্বের বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে দিতে পারে, এ আশঙ্কা আঞ্চলিক নেতাদের মধ্যে দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা সিরিয়ার সহিংসতা বন্ধে এই রোডম্যাপ তুলে ধরেন।আরাবি বলেন, সহিংসতা বন্ধে সিরিয়ার রাস্তা থেকে ট্যাংক ও সামরিক যান অবিলম্বে সরিয়ে নিতে দেশটির সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।এদিকে লিবিয়া যাওয়ার পথে সোমবার ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘সিরিয়ায় কোনো রকম হস্তক্ষেপের ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা নেই।’ তিনি আরও বলেন, সেখানকার পরিস্থিতি লিবিয়ার চেয়ে ভিন্ন। তবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী নেতা মুস্তাফা আবদেল জলিল ও রাসমুসেন বলেন, মুয়াম্মার গাদ্দাফির সরকার উৎখাতের ঘটনা বিশ্বের সব স্বৈরশাসকদের জন্য একটি সংকেত। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বলেন, সিরিয়ায় সহিংসতা চলতে থাকার সুযোগ দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে দেশে আন্তর্জাতিক হস্তক্ষেপের বিষয়টিকে ত্বরাণ্বিত করছেন। তিনি বলেন, গোটা এলাকায় বড় ধরনের ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শেখ হামাদ আরও বলেন, দেশে বিশৃঙ্খলার অবসানে আসাদকে অবশ্যই বাস্তব পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী গত মার্চ থেকে সহিংসতায় সিরিয়ািয় এ পর্যন্ত তিন হাজারের বেশি লোক নিহত হয়েছে। এএফপি।