জাতিসংঘ ও আরব লিগের দূত কফি আনানের ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাকে সামনে রেখে সিরিয়ায় সহিংসতার মাত্রা আরও বেড়েছে। গত বৃহস্পতিবার সংঘর্ষে ৭৭ জন নিহত হওয়ার এক দিন পর গতকাল শুক্রবারও দেশটি জুড়ে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে।যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠনটি দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল হোমস প্রদেশের আল-তিবা, আল-কাবু ও শিনায়েহ এলাকায় প্রচণ্ড লড়াই হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা সাতজন নারীর একটি দলকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দুই নারী নিহত এবং অপর চারজন আহত হয়। এ ছাড়া গতকাল জুমার নামাজের পর দেশের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ হয়। এর আগে হোমস ও ইদলিব প্রদেশসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি নিরাপত্তাকর্মীদের গুলিতে ও গোলাবর্ষণে গত বৃহস্পতিবার কমপক্ষে ৭৭ জন নিহত হয়। এদিকে ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আসাদের ওপর চাপ বাড়াতে কফি আনানের সঙ্গে গত বৃহস্পতিবার যোগ দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। যদিও পরিকল্পনাটি বাস্তবায়নে আসাদের সদিচ্ছা নিয়ে সংশয় রয়েছে। নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, সিরীয় সরকারকে জরুরি ভিত্তিতে এবং দৃশ্যমানভাবে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে নিরাপত্তা পরিষদ। কফি আনানের কাছ থেকে সিরীয় পরিস্থিতির অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে নিরাপত্তা পরিষদ। আগামী মঙ্গলবারের মধ্যেই সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা ও ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক। কফি আনান বলেছেন, সত্যি সত্যিই এটা করা হলে তিনি ১২ এপ্রিল দামেস্কের স্থানীয় সময় ভোর ছয়টায় পূর্ণাঙ্গভাবে শত্রুতার ইতি টানার ঘোষণা দেবেন। জাতিসংঘের সাধারণ পরিষদকে তিনি বলেন, ‘আমি সরকার ও বিরোধী কমান্ডারদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা জারি করার আহ্বান জানাচ্ছি, যাতে করে সেই বার্তা সারা দেশে স্থানীয় পর্যায়ে যোদ্ধা ও সেনাদের কাছে পৌঁছে যায়।’পশ্চিমা সরকারগুলো বলেছে, প্রেসিডেন্ট আসাদ এটা মেনে নেবে কি না সে বিষয়ে এখনো তাদের বড় ধরনের সংশয় রয়েছে। কফি আনানও বলেছেন, ইদলিব, জাবাদানি ও দারা শহর থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সিরীয় সরকারের দাবির বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে জরুরি ভিত্তিতে আরও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সামনে গুরুত্বপূর্ণ যে কয়টি দিন আছে, তার মধ্যে প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নে ত্বরিত এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। কেননা, স্পষ্টতই এখনো সহিংসতা চলছে। প্রতিদিনই আশঙ্কাজনক হারে হতাহত হওয়ার ও দমন-নিপীড়নের খবর পাওয়া যাচ্ছে।’জাতিসংঘের হিসাবে, সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় এরই মধ্যে নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে। এএফপি ও বিবিসি।