সিরিয়ায় সহিংসতায় ৪০ জন নিহত
সিরিয়াজুড়ে গত রোববারের সহিংসতায় কমপেক্ষ ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিহত হয়েছে ৩৫ জন। গতকাল সোমবার লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এ কথা জানান।আবদেল রহমান জানান, রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে অভিযান চালায়, এতে জিসরাশ শুগুর এলাকায় ৩৫ জন নিহত হয়। এর মধ্যে ২৭ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। তিনি জানান, আরও উত্তরে ইদলিব শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয়।এদিকে ভূমধ্যসাগরের উপকূলীয় শহর জাবলায় আরও দুজন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।আবদেল রহমান আরও জানান, পূর্বাঞ্চলীয় দির ইজর শহরে ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভরত জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে আরও তিনজন নিহত হয়।এদিকে গোলান মালভূমিতে সিরীয় অস্ত্রবিরতি রেখার কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৩ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি উভয় পক্ষকে চরম ধৈর্য ধারণ করার অনুরোধ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এএফপি।