আমাদের প্রতিরক্ষাব্যবস্থা বিশ্বকে চমকে দেবে: সিরিয়া হামলার পরিণতি হবে বিপর্যয়কর: রাশিয়া
সিরিয়ায় সামরিক ব্যবস্থার দিকেই এগোচ্ছে পাশ্চাত্য
রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দিকেই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সিরিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দুই বৃহৎ শক্তি রাশিয়া ও চীন। মস্কো বলেছে, সিরিয়ায় শক্তিপ্রয়োগ ওই অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে।এদিকে সিরিয়া পাশ্চাত্য হামলার মুখে নিজেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লাম বলেন, তাঁর দেশের কাছে এমন প্রতিরক্ষাব্যবস্থা আছে, যা বিশ্বকে ‘চমকে দেবে’। রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সীমিত আকারে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন, যা হয়তো দুই দিনের বেশি স্থায়ী হবে না। তবে এ হামলার আগে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সিরিয়া ছাড়া পর্যন্ত অপেক্ষা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট বাশার সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ লুকিয়ে ফেলার অভিযোগ তুলেছেন। তবে তিনি এও জানিয়েছেন, ওই হামলার পেছনে কারা ছিল, সে বিষয়ে আরও তথ্যপ্রমাণ সরবরাহ করবে ওয়াশিংটন। কেরি বলেন, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার করে নির্বিচারে বেসামরিক লোকজন হত্যা, নারী ও শিশু এবং নির্দোষ পথচারী হত্যার ওই ঘটনা একটা নৈতিক অশ্লীলতা।’ সত্যিই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সোমবার ঘটনাস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়। অজ্ঞাত স্থান থেকে তাঁদের ওপর গুলি করা হয়। এতে তাঁরা প্রথমে ফিরে গেলেও পরে আবার সেখানে যান। গতকাল মঙ্গলবার তাঁরা দ্বিতীয় দিনের মতো তদন্তকাজ করেন।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী আপৎকালীন পরিকল্পনা তৈরি করছে। সিরীয় সংকট নিয়ে আলোচনা করতে ক্যামেরন এরই মধ্যে তাঁর অবকাশ যাপনের ছুটি সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরেছেন।এদিকে সিরীয় সংকটের ব্যাপারে ‘বিচক্ষণতা’ দেখাতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশিভিচ সোমবার এক বিবৃতিতে বলেন, ভিত্তিহীন অজুহাত দেখিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে সামরিক হস্তক্ষেপ করা হলে তা সিরিয়ার জন্য নতুন দুর্ভোগ এবং ওই অঞ্চলের অন্য দেশগুলোর জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।লুকাশিভিচের এ বিবৃতির পর যুক্তরাষ্ট্র সিরিয়ার বিষয়ে রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে নেদারল্যান্ডসে নির্ধারিত একটি বৈঠক স্থগিত করে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, সিরিয়ায় কারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তাড়াহুড়া করছে পশ্চিমারা।সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব আনা হলে ভেটো ক্ষমতার অধিকারী স্থায়ী সদস্য রাশিয়া এবং চীন তার বিরোধিতা করবে বলে মনে করা হচ্ছে। নিকট অতীতে এ রকমই ঘটেছে। অন্যদিকে মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ওবামাকে সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার আহ্বান জানিয়েছেন। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন দরকার থাকলেও অনুমোদন ছাড়াও পদক্ষেপ নেওয়ার নজির প্রেসিডেন্টের সামনে রয়েছে। এএফপি ও বিবিসি।