সিরিয়ায় সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলিতে বিমানবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনায় গত সোমবার রাতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। পরে রাতভর সেনা-বিদ্রোহী সংঘর্ষ হয়।এ হামলার দায়িত্ব স্বীকার করে আল-নুসরা ফ্রন্ট নামের একটি জিহাদি জঙ্গিগোষ্ঠী বলেছে, হারাস্তায় বিমানবাহিনীর গোয়েন্দা দপ্তরের (এএফআই) বাইরে বিস্ফোরকভর্তি দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী গাড়িবোমা হামলার সত্যতা নিশ্চিত করেছে সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।ওই এলাকার বাসিন্দারা বিবিসিকে জানান, পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এর পরই মেশিনগানসহ ভারী অস্ত্র থেকে গুলির শব্দ শোনা যায়।এএফআইকে সিরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এলিট সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। এটি সামরিক গোয়েন্দা বাহিনীর চেয়ে আকারে ছোট। তবে বিরোধী ইসলামি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেয় এ সংস্থা। নৃশংসতার জন্য এ বাহিনীর কুখ্যাতি রয়েছে।সরকারবিরোধী ও মানবাধিকার কর্মীদের দাবি, গত বছরের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত শত শত নেতা-কর্মীকে আটক শেষে নির্যাতন করেছে এএফআই।এএফআইয়ের নেতৃত্বে রয়েছেন আসাদ অনুগত মেজর জেনারেল জামিল হাসান। তবে হামলার সময় তিনি ওই ভবনে অবস্থান করছিলেন কি না, তা জানা যায়নি।হামলাকারীদের প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখানো হয়, বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। তবে তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।আল-নুসরার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বিমানবাহিনীর গোয়েন্দা স্থাপনার বাইরে প্রথমে প্রায় নয় টন বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রায় ২৫ মিনিট পর এক টন বিস্ফোরকভর্তি একটি অ্যাম্বুলেন্স উড়িয়ে দেন আমাদের এক সহযোদ্ধা। পরে অন্য যোদ্ধারা ওই স্থাপনা লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছেন।’বিবৃতিতে আরও বলা হয়, ওই স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, এটি আসাদের অনুগত সবচেয়ে দুর্ধর্ষ বাহিনীগুলোর অন্যতম। ওই স্থাপনায় কয়েক শ বন্দী রয়েছে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন, বিস্ফোরণের পর পরই আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষ হয়। হারাস্তা ছাড়াও জোবার ও কাবুন শহরতলিতে রাতভর সংঘর্ষ চলে।জাতিসংঘের আহ্বান: সিরিয়ায় অব্যাহত রক্তপাত বন্ধে শিগগির এক তরফা যুদ্ধবিরতি ঘোষণার জন্য আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সিরিয়াবাসী এটি আর সহ্য করতে পারছে না। তাই আমি সরকারের প্রতি এই যুদ্ধবিরতি ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি।’ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে গতকাল মঙ্গলবার প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মহাসচিব। যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা মেনে নিতে বিরোধী যোদ্ধাদের প্রতিও আহ্বান তিনি। এএফপি ও রয়টার্স।