সিরিয়ায় সেনা অভিযানে ১৭৫ বিদ্রোহী নিহত
সিরিয়ার সেনাবাহিনী গত বুধবার রাজধানী দামেস্কের অদূরে অভিযান চালিয়ে ১৭৫ জন বিদ্রোহীকে হত্যা করেছে। এই বিদ্রোহীদের অনেকেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে।
তবে সিরিয়ার সরকারবিরোধী একটি গোষ্ঠী অভিযোগ করেছে, লেবাননের কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহ সিরিয়ার সেনাবাহিনীর সহায়তায় গত বুধবার দামেস্কের অদূরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়েছে।
সানার প্রতিবেদনে ইস্টার্ন ঘৌতা এলাকার দায়িত্বে থাকা সিরীয় সেনাবাহিনীর ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে বলা হয়, দামেস্কের দক্ষিণপূর্বে ওতেইবাহ লেকের কাছে সবচেয়ে বেশি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ওই এলাকা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নুসরা ফ্রন্টের শক্ত ঘাঁটি বলে পরিচিত। প্রতিবেদনে দাবি করা হয়, নিহত বিদ্রোহীদের মধ্যে কাতার, চেচনিয়া ও সৌদি আরবের নাগরিকও আছেন।
সানার ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনের সঙ্গে কিছু ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে লাশের সারি দেখা যায়।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বুধবারের অভিযানে অন্তত ১৫২ জন বিদ্রোহী নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নুসরা ফ্রন্টের সদস্য। অন্যরা নুসরা ফ্রন্টের সহযোগী ব্রিগেডগুলোর সঙ্গে সম্পৃক্ত।
বিদ্রোহী আলোচকদলের স্বজনদের গ্রেপ্তার করা হচ্ছে?: মার্কিন একজন কর্মকর্তা গত বুধবার অভিযোগ করেছেন, জেনেভা আলোচনায় অংশ নেওয়া বিদ্রোহী প্রতিনিধিদলের সদস্যদের স্বজনদের গ্রেপ্তার করেছে সিরিয়ার সরকার। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, বিদ্রোহী প্রতিনিধিদের স্বজনদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাঁদের গ্রেপ্তার করা বা প্রতিনিধিদের সম্পদ জব্দ করার খবরে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। আমরা তাঁদের মুক্তি দাবি করছি। আল-জাজিরা।