সিরিয়ায় সেনা ‘হত্যার’ নিন্দা জানিয়েছে এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সেনাসদস্যদের আটক করে ‘হত্যাকাণ্ডের’ ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। অনলাইনে একটি ভিডিও ফুটেজে বিদ্রোহীদের ওই ‘হত্যাকাণ্ডের’ দৃশ্য দেখা গেছে। এইচআরডব্লিউ বলছে, গত বৃহস্পতিবারের ওই ‘হত্যাকাণ্ডের’ ঘটনা সত্যি হলে তা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হবে।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শুক্রবার দাবি করেছে, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কের সংযোগস্থল দখল করে নিয়েছে।অনলাইনের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্রোহীদের হাতে আটক সেনাসদস্যদের লাথি মারা হচ্ছে। এ ছাড়া নানাভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে। দামেস্ক ও আলেপ্পোর মাঝামাঝি কোনো একটি স্থানে বিদ্রোহীরা সেনাবাহিনীর তল্লাশিচৌকি দখলে নিয়ে সেনাসদস্যদের আটক করে। এর পর তাঁদের ওপর নির্যাতন চালায় বিদ্রোহীরা। একপর্যায়ে ভয়ে জড়সড় হয়ে থাকা সেনাসদস্যদের গুলি করে হত্যা করা হয়।এইচআরডব্লিউর এক বিবৃতিতে বলা হয়, ভিডিও ফুটেজে যা দেখা গেছে, তা সত্যিই দুঃখজনক। এ ঘটনা সত্যি হলে তা যুদ্ধাপরাধ বলে গণ্য হবে। এমন ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাসদস্যদের এভাবে হত্যার দায় কেউ স্বীকার করেনি। তবে অভিযোগ উঠেছে, আল-নুসরা ফ্রন্ট নামের একটি কট্টরপন্থী গোষ্ঠী এই ঘটনায় সম্পৃক্ত। কয়েক মাস ধরে সেনাসদস্যরাও বিদ্রোহীদের আটক করে একই কায়দায় হত্যা করছে বলে অভিযোগ রয়েছে।এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার কট্টরপন্থী গোষ্ঠীগুলো দেশটির ‘বিপ্লব’ ছিনতাই করার চেষ্টা করছে। সিরিয়ার বিদ্রোহীরা অবশ্য তাঁর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে।এদিকে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সারাকেব এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এটি কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কের সংযোগস্থল। দামেস্ক থেকে আলেপ্পো যেতেও এই পথ ব্যবহার করতে হয়। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান জানান, সিরিয়ার সেনাবাহিনী সারাকেব এলাকা থেকে তাদের সর্বশেষ তল্লাশিচৌকিও ছেড়ে গেছে। গত বৃহস্পতিবারই সেনবাহিনী মাত্র তিনিট তল্লাশিচৌকি ছাড়া সব কটি থেকেই পিছু হটে।দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, সারাকেব এলাকায় লড়াইয়ের সময় অন্তত ২৮ জন সেনাসদস্যকে হত্যা করে বিদ্রোহীরা। এইচআরডব্লিউ এই হত্যাকাণ্ডেরই নিন্দা জানায়।দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সহিংসতায় এ পর্যন্ত ৩৬ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি, বিবিসি।