সিরিয়ায় হামলা চালাতে অনুমোদন চাইলেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলে সিরিয়ায় হামলা চালাতে চায় যুক্তরাজ্য। এ জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বৃহস্পতিবার অনুমোদন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছেন।
হামলার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে ক্যামেরন বলেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর হামলার বিষয়টি যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার। যুক্তরাজ্য তার মিত্রদেশগুলোর ওপর নিজের নিরাপত্তা ভার চাপিয়ে দিতে পারে না।
ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে নতুন কোনো অভিযানে যুক্তরাজ্যের যুক্ত হওয়ার প্রশ্নে বিভিন্ন মহলে নানা প্রশ্ন রয়েছে।
এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ সালে সিরিয়ায় হামলা চালাতে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ক্যামেরন। কিন্তু বেশির ভাগ আইনপ্রণেতা (এমপি) বিপক্ষে অবস্থান নেওয়ায় সে সময় প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
যুক্তরাজ্যের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি সিরিয়ায় হামলা চালানোর আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়ার সুপারিশ করে বলেছে, একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হলেই কেবল যুক্তরাজ্য সিরিয়ায় হামলায় যুক্ত হতে পারে।
গত ১৩ নভেম্বর প্যারিসে হামলার পর ইউরোপজুড়ে আইএসবিরোধী মনোভাব চাঙা হয়ে ওঠে। ক্যামেরন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চালাতে এমপি ও দেশের জনগণের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে আসছেন। ক্যামেরনের প্রস্তাবের ওপর সপ্তাহ খানেকের মধ্যেই পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
কোনো কোনো এমপি প্রশ্ন তুলেছেন, সিরিয়ায় হামলা চালানো হলে যুক্তরাজ্য আইএসের লক্ষ্যস্থলে পরিণত হতে পারে। জবাবে ক্যামেরন বলেন, যুক্তরাজ্য এমনিতেই আইএসের কাছ থেকে নানা হুমকির সম্মুখীন। ফলে ঝুঁকি মোকাবিলায় তাদের ধ্বংস করার কোনো বিকল্প নেই।
পার্লামেন্টে বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলটির এমপিদের কারও কারও হামলার বিপক্ষে অবস্থান।