সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অস্ত্রবোঝাই জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই অস্ত্র লেবাননে হিজবুল্লাহর কাছে পাঠানোর চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমে এ খবর দেওয়া হয়। ইসরায়েলের একটি সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো গত বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মধ্যে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের বিমান হামলা চালানোর তথ্য পর্যালোচনা করে দেখছে।মার্কিন কর্মকর্তারা জানান, সিরিয়ায় অস্ত্রবোঝাই জাহাজ লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়। ওই অস্ত্রগুলো লেবাননের সশস্ত্র শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কাছে পাঠানোর জন্য জাহাজ বোঝাই করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তারা জানান, হামলার সময় ইসরায়েলি বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। এর আগে ইসরায়েল গত জানুয়ারিতে সিরিয়ায় হামলা চালিয়েছিল। ওয়াশিংটনে নিযুক্ত একজন ইসরায়েলি মুখপাত্র ওই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, সিরিয়াকে সন্ত্রাসীদের, বিশেষ করে হিজবুল্লাহর কাছে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করা থেকে বিরত রাখতে ইসরায়েল বদ্ধপরিকর।জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাতে দুটি ইসরায়েলি বিমান লেবাননের আকাশসীমায় চক্কর দিয়েছে। এতে বলা হয়, প্রথম দুটি বিমান ওই দিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটের দিকে সিডন শহরের আকাশে চক্কর দেয়। তিন ঘণ্টা পর বৈরুতের উত্তরে জাউনিয়েহ শহরের আকাশে অন্য দুটি ইসরায়ের বিমান চক্কর দেয়। পরে গভীর রাতে রাজধানীর আকাশে টানা প্রায় তিন ঘণ্টা দুটি বিমান ওড়ে। বিবিসি ও এএফপি।