সিরিয়া তার বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ‘মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে’। যুক্তরাষ্ট্র সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের এ বক্তব্যের পরদিন এ সতর্কতা উচ্চারণ করেছে দামেস্ক।এদিকে সিরিয়ার সরকারি বাহিনী গত সপ্তাহে সত্যিই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণ পেলে দেশটির বিরুদ্ধে ‘মারাত্মক জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় কোনো প্রকার হামলা হলে তা ‘বনভোজনের মতো হবে না’। তিনি বলেছেন, ‘মার্কিন সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে খুবই মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে এবং এই অঞ্চলে আগুন জ্বেলে দেবে।’সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত শনিবার টেলিফোনে ৪০ মিনিট কথা বলেন। এরপর ক্যামেরনের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বলেছেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হলে তার একটি মারাত্মক জবাব আসবে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান অ্যাঙ্গেলা কেইন বর্তমানে দামেস্কে রয়েছেন। তিনি কথিত রাসায়নিক হামলার ঘটনাস্থলে প্রবেশাধিকার দিতে সিরীয় কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাগ হেগেল গতকালও বলেছেন, আদেশ পেলে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে মালয়েশিয়ায় থাকা হেগেল গতকাল কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা প্রতিরক্ষা দপ্তরকে সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আমরা সেটা করেছি। বিকল্প যাই বেছে নেওয়া হোক, তার জন্য আমরা প্রস্তুত।’যুক্তরাষ্ট্র এরই মধ্যে সিরিয়ার কাছে ভূমধ্যসাগরে তার নৌবাহিনীর অবস্থান ঠিকঠাক করা শুরু করেছে। ওবামা যদি শেষ পর্যন্ত সামরিক বিকল্পটিকেই বেছে নেন, সেটি মাথায় রেখে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে সিরিয়ার ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান মাসুদ জাজাইয়ারি দেশটিতে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র রেডলাইন অতিক্রম করলে তা হোয়াইট হাউসের জন্য কঠোর পরিণতি ডেকে আনবে।’ এএফপি, রয়টার্স, বিবিসি।