সিরিয়ায় হামলার অনুমোদন ব্রিটিশ এমপিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের পার্লামেন্ট। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের পার্লামেন্ট। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্স

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানোর প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্ট এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চলমান বিমান হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ করার প্রশ্নে গতকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ১০ ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বিতর্ক চলে। এরপর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। আইনপ্রণেতারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ৩৯৭টি এবং বিপক্ষে ২২৩টি ভোট পড়েছে।
ভোটাভুটির কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যের চারটি যুদ্ধবিমান সাইপ্রাসের বিমানঘাঁটি থেকে আকাশে ওড়ে।
ওই যুদ্ধবিমানগুলোর গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। যুক্তরাজ্যের সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরাকে আইএসের বিরুদ্ধে অভিযান শেষে ঘাঁটিতে ফিরছে যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমান। গত বছর তোলা ছবিটি গতকাল প্রকাশিত। ছবি: এএফপি
ইরাকে আইএসের বিরুদ্ধে অভিযান শেষে ঘাঁটিতে ফিরছে যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমান। গত বছর তোলা ছবিটি গতকাল প্রকাশিত। ছবি: এএফপি


আরও চারটি যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। ওই যুদ্ধবিমানগুলো ইরাকে আইএসের ওপর বোমা হামলায় ব্যবহৃত হচ্ছিল। সেখান থেকেই সিরিয়ায়ও আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিমান হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ায় আইএসের ওপর বিমান থেকে বোমা হামলা চালানোর অনুমোদন চেয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ক্যামেরন পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন। এরপর প্রস্তাবের পক্ষে-বিপক্ষে জোরালো বিতর্ক শুরু হয়।
হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণের সমর্থনে পার্লামেন্টে গতকালের বিতর্কে নানা যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী ক্যামেরন। পাল্টা যুক্তি দেন বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন। তিনি সিরিয়ায় হামলার ঘোরবিরোধী হলেও দলীয় এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেন।
তুমুল বিতর্কের পর ভোটাভুটিতে প্রস্তাবটি বড় ব্যবধানেই পাস হয়। লেবার দলের ৬৬ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
প্রস্তাব পাসের পর ক্যামেরন বলেন, দেশকে নিরাপদ রাখতে এমপিরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
তবে প্রস্তাবের বিরোধিতা করা আইনপ্রণেতারা বলছেন, এটি ভুল পদক্ষেপ।
আরও পড়ুন..
সিরিয়ায় হামলা নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট