সিরিয়ায় ২৮ হাজার মানুষ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে অপহূত অন্তত ২৮ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। দেশে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে গত ১৮ মাসে তারা নিখোঁজ হয় বলে মানবাধিকার সংস্থাগুলো জানায়। অনলাইনভিত্তিক সংগঠন আভাজ জানায়, সরকারি সহিংসতা থেকে ‘কেউ নিরাপদ নয়’। বহু মানুষকে অপহরণের প্রমাণ রয়েছে। তদন্তের স্বার্থে এসব প্রমাণ জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে উপস্থাপন করা হবে। মানবাধিকার সংগঠনগুলোর এসব দাবির ব্যাপারে সিরিয়া সরকার কোনো মন্তব্য করেনি। জাতিসংঘ জানায়, দেশটিতে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এক লাখ ৭০ হাজার মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। মোট ২৫ লাখ মানুষের ত্রাণ প্রয়োজন। তবে সরকারবিরোধী বিভিন্ন সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। চলমান সহিংসতার মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ ও আরব লিগের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি আসন্ন ঈদ উৎসব উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। যুদ্ধবিরতির প্রস্তাবে বিদ্রোহীরাও ইতিবাচক সাড়া দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। দামেস্কে যাবেন ব্রাহিমি: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি বলেন, লাখদার ব্রাহিমি দামেস্কে যাবেন। তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে কাল শনিবার সকালে বৈঠক করবেন। ব্রাহিমির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সিরিয়া প্রস্তুত রয়েছে।সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সফরের অংশ হিসেবে দামেস্ক যাবেন ব্রাহিমি। দেশটির ক্ষমতাসীন দলের মুখপত্র বলে পরিচিত সংবাদপত্র আল-বাথ গতকাল বৃহস্পতিবার জানায়, সংকট নিরসনের চেষ্টায় ব্রাহিমি অত্যন্ত দূরদর্শী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। দেখা যাক, তিনি কী বলেন।সিরিয়ার নির্বাসিত বিরোধী দল জানায়, যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানানো হবে। তবে বিষয়টি সরকারের ওপরই এখন নির্ভর করছে। সরকারকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে।মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে সবাই সম্মত হলেও তা বাস্তবায়ন কঠিন হবে। কারণ, দেশটিতে সরকারপন্থী ও সরকারবিরোধী অনেকেই রয়েছে, যারা কারও কর্তৃত্বের পরোয়া করে না। এদিকে গতকাল কুয়েত সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সংকট নিরসনে তিনি সিরিয়ায় অভ্যন্তরীণ সংলাপ আয়োজনের পরামর্শ দিয়েছেন। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণের জন্য তুরস্ক যে আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন আহমাদিনেজাদ। কুয়েতের সংবাদমাধ্যম গতকাল এ খবর প্রকাশ করে। এএফপি, রয়টার্স, বিবিসি।