সিরিয়ায় ৩ জুন নির্বাচন
আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-লাহাম এ তথ্য জানান।
আল জাজিরার খবরে বলা হয়, আগামী নির্বাচনেও তৃতীয়বারের মতো লড়বেন বর্তমান প্রেসিডেন্ট বাশার-আল আসাদ।
দেশব্যাপী গৃহযুদ্ধে দেড় লাখের বেশি মানুষ নিহত হওয়া এবং দেশের বিপুল এলাকা বিদ্রোহীদের দখলে থাকায় যুদ্ধাবস্থার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।
স্পিকার লাহামকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়, ‘৩ জুুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিরীয় আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। লাহাম বলেন, আজ সোমবার পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অনাবাসী সিরীয় নাগরিকদের জন্য ২৮ মে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগামীকাল মঙ্গলবার থেকে ১ মে পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা।
এদিকে ৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আসাদ আবারও সাত বছরের জন্য দায়িত্ব নিতে আগ্রহী। তাঁর বর্তমান দায়িত্ব শেষ হচ্ছে ১৭ জুলাই।
এক দশক ধরে সিরিয়ায় বসবাস করছেন এমন কেউ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু এ সিদ্ধান্তের ফলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বই নির্বাচনে অংশ নিতে পারবেন না।