সিরীয় পরিস্থিতির সঙ্গে বসনিয়া সংকটের মিল আছে: ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, সিরিয়ায় বর্তমানে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে তার সঙ্গে নব্বইয়ের দশকের বসনিয়া সংকটের কিছু ক্ষেত্রে মিল রয়েছে। দেশটিতে সহিংসতা বন্ধে একটা না একটা উপায় অবশ্যই পাওয়া যাবে।অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, সিরিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জাতিসংঘের সমর্থন নিতে হবে। তবে সেখানকার সাম্প্রতিক সহিংসতা সহ্যের সীমা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল ক্লিনটন বলেন, তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি সহানুভূতিশীল। তাঁর প্রশাসন সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে চলা রক্তপাত বন্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রয়েছে।হোয়াইট হাউস বলেছে, সিরিয়ার বিষয়ে খুবই সীমিত পথ খোলা রয়েছে; তবে একই সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটাতে সেখানে সরাসরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি যে আহ্বান জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে।সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, আসাদ বিদায় নিলে সিরিয়াকে সাহায্য করতে বিশ্ব অতিসত্বর ব্যবস্থা নেবে বলে তাঁর বিশ্বাস। তবে যুক্তরাষ্ট্রের একার পক্ষে ভূমিকা নেওয়া কঠিন।সিরিয়ার পরিস্থিতির সঙ্গে সাবেক যুগোস্লাভিয়ায় সহিংসতার তুলনা করে ক্লিনটন বলেন, ‘আমরা সিরিয়ায় যে অবস্থায় রয়েছি, ১৯৯৩ ও ১৯৯৪ সালে বসনিয়াতে সে রকম পরিস্থিতিতে ছিলাম। সেখানে (পরিস্থিতি সামলাতে) দুই বছর সময় লেগেছিল।’ তিনি আরও বলেন, সিরিয়ায় হস্তক্ষেপের বিষয়ে তিনি একমত। তবে এ বিষয়ে একা একা কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।অন্যদিকে, জাতিসংঘের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক পদক্ষেপ সমর্থন দেবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গত বৃহস্পতিবার বলেন, ‘না। আমি এটা মনে করি না।’তবে সিরিয়ার সাম্প্রতিক সহিংসতার মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করে প্যানেট্টা বলেন, যেকোনো ধরনের পদক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পথ খোলা রাখা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে বিমানে চড়ার আগে প্যানেট্টা সাংবাদিকদের এসব কথা বলেন।দামেস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে আপত্তি তোলা থেকে রাশিয়া সরে না এলে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইসের হুঁশিয়ারি উচ্চারণের এক দিন পর প্যানেট্টা এসব মন্তব্য করলেন। রাইস সিরিয়ায় সম্ভাব্য তিনটি চিত্রের বিষয়ে এদিন কথা বলেন: সিরিয়া জাতিসংঘ ও আরব লিগের কূটনীতিক কফি আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করবে, না হলে নিরাপত্তা পরিষদ দামেস্কের ওপর চাপ প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেবে, আর এটা ব্যর্থ হলে সেখানে একটি সামরিক পদক্ষেপ নিতে বাইরের শক্তিগুলো বাধ্য হবে।অবশ্য রাইস গত বৃহস্পতিবার তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন বলে মনে হয়েছে। তিনি তাঁর আগের বিবৃতির আর পুনরাবৃত্তি ঘটাননি। এএফপি।