সিরীয় বাহিনী রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলছে, সিরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের মার্চে কিউমেনাস গ্রামে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল।
এ বিষয়ে বিশেষজ্ঞরা গত শুক্রবার একটি প্রতিবেদন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন। তবে ওই হামলার বাইরে আরও দুটি রাসায়নিক হামলা কারা করেছিল, সেটা তাঁরা বের করতে পারেননি। সিরিয়ার ইদলিব প্রদেশের বিনিশ এলাকায় ২০১৫ সালের মার্চে এবং হামা প্রদেশের কাফর জিতা এলাকায় ২০১৪ সালের এপ্রিলে ওই দুটি রাসায়নিক হামলা হয়েছিল।
জাতিসংঘের নেতৃত্বে একটি যৌথ তদন্ত দল (জিআইএম) গত আগস্টে বলেছিল, সিরিয়ার সরকারি বাহিনী ২০১৪ ও ২০১৫ সালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অন্তত দুটি রাসায়নিক হামলা চালিয়েছিল। তারা অস্ত্র হিসেবে তখন একধরনের ভারী গ্যাস (মাস্টার্ড গ্যাস) প্রয়োগ করেছিল।
সিরিয়ায় সব মিলিয়ে নয়টি রাসায়নিক হামলার অভিযোগ তদন্ত হচ্ছে। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। তদন্ত কর্মকর্তারা বলছেন, বিনিশের হামলার পর ‘ক্লোরিনের চিহ্ন’ পাওয়া গিয়েছিল।
সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ পেয়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দামেস্কের কর্তৃপক্ষসহ জড়িত অন্যান্য পক্ষের ওপর একাধিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে। তবে সিরিয়াকে এ ব্যাপারে সুরক্ষা দিচ্ছে তাদের পুরোনো মিত্র রাশিয়া। তারা জেআইএমের তদন্ত প্রতিবেদনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এটা অবরোধ আরোপের জন্য পর্যাপ্ত নয়।
সিরিয়া নিজেদের অস্ত্রভান্ডার থেকে রাসায়নিক উপাদান বাদ দিতে রাজি হয়েছে। রাশিয়ার চাপেই দামেস্ক বলেছে, যুদ্ধক্ষেত্রে কোনো বিষাক্ত উপাদান ব্যবহার থেকে তারা বিরত থাকবে।