সিরীয় বাহিনীর নির্যাতন ব্যাপক মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ
সিরিয়ায় আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর নির্যাতনকে ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। এ নিয়ে সারা বিশ্ব সিরিয়ার নিন্দায় মুখর, অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। কিন্তু এত কিছুর পরও দৃশ্যত বিচলিত নন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দমন-পীড়ন অব্যাহত রেখেছে তাঁর বাহিনী।গত রোববার আরব লিগ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল আসাদপন্থীদের মিছিলের ছবি প্রচার করা হয়। জাতীয় ঐক্যের আহ্বান এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের প্রতিবাদে ওই মিছিল বের করা হয়।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত সোমবার সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। সংঘাত বন্ধ, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এবং মানবাধিকার পর্যবেক্ষকদের সিরিয়ায় ঢুকতে দেওয়ার জন্য দামেস্কের প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্র।আরব লিগের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা’ অভিহিত করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ায়লেম গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, এতে সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে গেল।অন্যদিকে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জেনেভায় বলেছে, সিরিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনী হত্যা, নির্যাতন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ করছে। প্রেসিডেন্ট আসাদ এবং তাঁর সরকার এ জন্য সরাসরি দায়ী। এই ব্যাপক মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং গণহারে গ্রেপ্তার করা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ওই কমিশন।জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় গত মার্চে বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন জানান, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইইউ। এতে সিরিয়ার জন্য পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করল।তবে সিরিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার লেবানন ও ইরাক আরব লিগের অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে, এই নিষেধাজ্ঞায় সিরিয়া খুব বেশি বেকায়দায় পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর বলেন, ‘এই নিষেধাজ্ঞার সঙ্গে আমরা একমত নই, কাজেই তা মেনে চলব না।’তবে লেবানন দামেস্ককে সবকিছু ভালোভাবে আরেকবার বিবেচনা করে দেখতে বলেছে। তারা দমন-পীড়ন বন্ধ করলে হয়তো আরব লিগও নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। রয়টার্স