সিরীয় বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাজ্য
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করতে তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জর্ডান সফরের প্রাক্কালে ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেওয়া হলো। বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ নয়, বরং দেশটিতে ত্রাণ সহযোগিতা বাড়ানোরও ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জর্ডানে সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী সে দেশের বাদশাহ আবদুল্লাহ্র সঙ্গে সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী গত মঙ্গলবার রাতে জর্ডান পৌঁছান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করাই তাঁর এই সফরের উদ্দেশ্য। জর্ডানের বাদশা আবদুল্লাহ্র সঙ্গেও তিনি এ বিষয়ে বৈঠকে করবেন। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাজ্য। জর্ডান ও তুরস্কে এই আলোচনা হবে। এতে সিরিয়ার প্রকৃত অবস্থা ও দেশটির রাজনীতিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান নিয়ে আলোচনা হবে।ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে আলোচনাকালে মানবাধিকার ও মানবাধিকারের আইনি কাঠামো সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকার ওপর গুরুত্বারোপ করবে যুক্তরাজ্য। পাশাপাশি গোষ্ঠীগুলোকে ত্রাণ সংস্থাগুলোর সঙ্গেও একত্রে কাজ করার আহ্বান জানানো হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গত বছর শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। দেশটির আড়াই লাখ মানুষের মানবিক সাহায্য জরুরি হয়ে পড়েছে। এদিকে, গতকাল বুধবার ক্যামেরুন সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় উদ্বাস্তুদের জন্য খোলা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। জি-২০ দেশগুলোর মধ্যে ক্যামেরুনই প্রথম নেতা যিনি এসব উদ্বাস্তু মানুষের প্রকৃত অবস্থা স্বচক্ষে দেখতে গেলেন। এ ছাড়া তিনি এখানকার শিশুদের জন্য জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ও পরিদর্শন করেন। সিরিয়ায় তীব্র সহিংসতা: দামেস্কে গতকাল প্রেসিডেন্ট আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় প্রচণ্ড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কাদাম অঞ্চলে একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত হয়েছে। এ ছাড়া কূটনৈতিকপাড়া ও নিরাপত্তা দপ্তরের এলাকা মাজেহতে মর্টারের আঘাতে তিনজন বেসরকারিক লোক নিহত ও ১২ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আল-আসওয়াদেও সহিংসতার ঘটনা ঘটেছে। মানবাধিকার কর্মীরা এসব তথ্য জানান। বিবিসি ও এএফপি।