সিরীয় বিদ্রোহীদের সাঁজোয়া যান পাঠাচ্ছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক সহায়তা দেওয়ার অংশ হিসেবে সিরিয়ার বিদ্রোহীদের কাছে সাঁজোয়া যান এবং বর্ম পাঠাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল বুধবার এ কথা বলেছেন। হেগ বলেছেন, নিরস্ত্র ও নিরীহ সিরীয়দের ‘জীবন বাঁচাতে’ তাঁরা বিদ্রোহীদের এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।পার্লামেন্টে দেওয়া বক্তব্যে উইলিয়াম হেগ বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর উৎপীড়নে সিরিয়ার সাধারণ মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে। তাদের জরুরি সহায়তা দরকার। এই বিষয়টি বিবেচনা করে যুক্তরাজ্য সরকার বিদ্রোহীদের এক কোটি ৩০ লাখ পাউন্ডের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে। সাঁজোয়া যানের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার, যোগাযোগ এবং রোগ প্রতিরোধসংশ্লিষ্ট যন্ত্র ও সরঞ্জাম এই সহায়তার অন্তর্ভুক্ত থাকছে। তবে এসব সরঞ্জামের মধ্যে বন্দুক বা গোলাবারুদের মতো প্রাণঘাতী অস্ত্র থাকছে না। এই সহায়তাকে ‘মানবিক সহায়তা’ বলে উল্লেখ করেছেন উইলিয়াম হেগ।এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বাশার আল-আসাদ সরকারের পতনকে ত্বরান্বিত করতে ‘অনেকগুলো দেশ’ সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে। এ ছাড়া অন্যান্য দেশ নানাভাবে বিদ্রোহীদের সহায়তা করছে। এএফপি।