সিরিয়ায় গৃহযুদ্ধ গতকাল শনিবার চার বছরে পা দিয়েছে। এতে এ পর্যন্ত অন্তত এক লাখ ৪৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে ১০ লাখ মানুষ। ধ্বংস হয়েছে বিভিন্ন শহর ও ঐতিহাসিক সম্পদ। বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। বাশারবিরোধী আন্দোলন থেকে গৃহযুদ্ধে রূপ নেওয়া এই লড়াই আপাতত শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
২০১১ সালের ১৫ মার্চ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহরে বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী দেয়াল লিখনের অভিযোগে তরুণদের গ্রেপ্তারের প্রতিবাদে ওই বিক্ষোভ শুরু হয়। এর কয়েক সপ্তাহ আগেই তিউনিসিয়া ও মিসরে গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।
সিরিয়ার তরুণেরা দেয়ালে লিখেছিলেন, ‘জনগণ বাশার সরকারের পতন চায়।’ এটি ছিল ‘আরব জাগরণের’ চেতনার প্রতিধ্বনি। একের পর এক শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ হতে থাকে। বাশারের সরকার ওই প্রতিবাদের তীব্র প্রতিক্রিয়া দেখায়। পরিণামে মানুষ মরতে থাকে।
বেসামরিক লোকজন একপর্যায়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে। সেনারা সরকারপক্ষ ত্যাগ করতে থাকেন। তাঁদের বিদ্রোহের ফলে পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হয়।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরে সরকারি বাহিনী ২০১২ সালের ফেব্রুয়ারিতে হামলা চালায়। ওই ঘটনার দুই বছর পরও সেখানে যুদ্ধাবস্থা চলছে। হতাশাবাদী কেউ কেউ বলছেন, এই যুদ্ধ আরও ১০-১৫ বছর দীর্ঘ হতে পারে।
ধারণা করা হয়, বিদ্রোহী যোদ্ধাদের মোট সংখ্যা এক থেকে দেড় লাখ। এদের মধ্যে ১০-২০ হাজার বিদেশি। অন্যদিকে, সরকারি বাহিনীতে প্রায় তিন লাখ সেনা রয়েছেন। একটি পর্যবেক্ষক সংস্থার হিসাব অনুযায়ী, গত তিন বছরের লড়াইয়ে সিরিয়ার ৫০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন।
লেবাননের শিয়া-সংগঠন হিজবুল্লাহ ও ইরাকি শিয়া যোদ্ধারা সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আর তাদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইরানের রেভল্যুশনারি গার্ড। লড়াইয়ের কারণে সিরিয়ার প্রায় অর্ধেক জনসংখ্যা গৃহহীন। তাদের ঠিকানা এখন শরণার্থী শিবির।
ইউক্রেনের কারণে সিরিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আপাতত থেমে আছে।
যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সিরিয়া-বিশেষজ্ঞ টমাস পিয়েরেট বলেন, পশ্চিমারা হস্তক্ষেপ না করলে সিরিয়া যুদ্ধ আরও বহু বছর ধরে চলতে থাকবে।