সিরীয় সংঘাতের নৃশংসতায় ‘আতঙ্কিত’ বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা এক ‘নতুন ও নৃশংসতার চূড়ান্ত মাত্রায়’ পৌঁছাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটিতে সহিংস ঘটনা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় মহাসচিব সতর্ক করে বলেন, আগামী জানুয়ারির মধ্যে দেশটির শরণার্থীর সংখ্যা সাত লাখে পৌঁছাতে পারে।মুন বলেন, সিরিয়াজুড়ে প্রতিদিন সহিংসতায় বেসামরিক মানুষ মারা পড়ছে। বিবদমান পক্ষগুলো ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। যেকোনো বিবেচনায় মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।বান কি মুন আরও বলেন, সহিংসতার ঘটনা বেড়ে চলায় শীতে ৪০ লাখ লোক এক মানবেতর পরিস্থিতিতে পড়তে পারে। স্বাধীন ও গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠায় রাজনৈতিক আলোচনা ও সমঝোতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।সিরিয়ায় জাতিসংঘ-আরব লিগ নিযুক্ত শান্তিদূত লাখদার ব্রাহিমি সাধারণ পরিষদের অধিবেশনে বলেন, সহিংসতার একটি রাজনৈতিক সমাধান না হলে সিরিয়া ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। বিবিসি।