সিরিয়ার বেসামরিক জনগণকে জরুরি ভিত্তিতে নিপীড়নকারী শক্তির হাত থেকে রক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত দল। তবে দেশজুড়ে মানবিক সংকট নেই বলে দলটি জানায়। সিরিয়ায় সফরকারী তদন্ত কমিটির বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।গত মার্চ মাসে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো দেশটিতে সফর করল জাতিসংঘের তদন্ত দল। এর আগে বেশ কয়েক মাস ধরে জাতিসংঘ মিশন সিরিয়ায় দমন-পীড়নের ঘটনা তদন্তে যেতে চাইলেও দেশটি অনুমতি দেয়নি। অবশেষে গত সপ্তাহে সিরিয়ার সরকার তদন্তকারী দলকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। পাশাপাশি তদন্তকারী দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলেও সরকার অঙ্গীকার করে।জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘দেশটিতে মানবিক কোনো সংকট না থাকলেও নিপীড়নকারী শক্তির হাত থেকে দেশটির বেসামরিক লোকজনকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা সব সময় উপস্থিত থাকায় সহিংসতার বিষয়ে জাতিসংঘ মিশনের পক্ষে পুরোপুরি ও স্বাধীনভাবে তদন্ত করা সম্ভব হয়নি।’গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশটির অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়ে। সহিংসতার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী বাহিনী’কে দায়ী করে সরকার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতায় দুই হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সরকারবিরোধী কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।এদিকে সহিংসতার খবর প্রকাশে অধিকাংশ বিদেশি সাংবাদিককে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাই স্থানীয় কর্মী ও কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায়, তা যাচাই করা কঠিন হয়ে পড়ে।এদিকে সিরিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পর্তুগাল নিয়ে গঠিত একটি গোষ্ঠী এবং রাশিয়া পাল্টাপাল্টি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।রাশিয়ার প্রস্তাবে দ্রুত সংস্কারের জন্য সিরিয়ার সরকার ও রাজনৈতিক সংলাপে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর যুক্তরাষ্ট্র-ইউরোপ তাদের সম্মিলিত প্রস্তাবে প্রেসিডেন্ট আসাদের সম্পদ জব্দ ও সিরিয়ায় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।এদিকে সিরিয়ায় গতকাল হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ। বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর হামলায় তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, গত শুক্রবার রাত এবং শনিবার সকালে দামেস্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ এবং গণতন্ত্রের দাবিতে গত মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ। কুসাইর এবং বন্দর শহর লাতাকিয়ার বিভিন্ন মসজিদ থেকে শবে কদরের রাতের প্রার্থনা শেষে বিপুলসংখ্যক মানুষ গতকাল সকালে বিক্ষোভ মিছিলে শরিক হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আসাদের অনুগত বাহিনী গুলি ছোড়ে। এতে দুই বিক্ষোভকারী নিহত হন। এ ছাড়া কাফর নুবুল শহরে বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে অপর এক ব্যক্তি নিহত হন। শবে কদরের প্রার্থনা শেষে দামেস্কের কাফর সসা এলাকার আল-রিফাই মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর কয়েক শ সদস্য তাদের ওপর হামলা চালায়। ওই এলাকার একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনীর কিছু কিছু সদস্য বাড়ির ছাদের ওপর উঠে একে-৪৭ রাইফেল দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুই ব্যক্তি বুক এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়।এসওএইচআরের প্রধান রামি আবদুল রহমান বলেন, গতকাল তুরস্ক সীমান্তবর্তী ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কাফর রোমেহতে একটি শেষকৃত্যানুষ্ঠান বিক্ষোভে পরিণত হয়। সেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আবদুল রহমান বলেন, গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারীদের হত্যার পাশাপাশি কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জাতিসংঘ বলেছে, সিরিয়ায় বিক্ষোভকারীদের সাঁজোয়া যান নিয়ে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে কমপক্ষে দুই হাজার ২০০ মানুষ নিহত হয়। বিবিসি, রয়টার্স।