সিল ফ্লু ভাইরাস নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি নতুন ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এইচ৩এন৮ নামের ওই ফ্লু ভাইরাস মানুষসহ বিভিন্ন প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা করছেন তাঁরা।আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি জার্নালে নতুন এই ভাইরাসের অস্তিত্ব সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের পোতাশ্রয়ে গত বছর রহস্যজনক কারণে ১৬২টি সিলের (সামুদ্রিক প্রাণী) মৃত্যু হয়। এর মধ্য থেকে পাঁচটি সিলের ময়নাতদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, পাঁচটি সিলেরই মৃত্যু হয়েছে এইচ৩এন৮ ইনফ্লুয়েঞ্জা ‘এ’ ভাইরাসের সংক্রমণে। সংশ্লিষ্ট গবেষকেরা জানান, ২০০২ সালে উত্তর আমেরিকার পাখির দেহে পাওয়া ভাইরাসের সঙ্গে নতুন এই ভাইরাসের মিল রয়েছে।নতুন এই ভাইরাস সম্পর্কে বিজ্ঞানীরা জানান, এইচ৩এন৮ ভাইরাস স্তন্যপায়ী প্রাণীর শরীরে বিকশিত ও রূপান্তরিত হতে পারে। বিশেষ করে মানুষের শ্বাসযন্ত্রে প্রোটিনের উপস্থিতি থাকলে সেখানে এই ভাইরাস সংক্রমিত হওয়ার সামর্থ্য রাখে।নিউইয়র্ক সিটির ওয়েল কর্নেল মেডিকেল কলেজের ড. অ্যান মস্কোনা নতুন ভাইরাস-সংক্রান্ত প্রতিবেদনটি সম্পাদনা করেন। তিনি বলেন, সত্যিই এই ভাইরাস উদ্বেগ সৃষ্টি করার মতো। উদ্বেগের বিষয় হলো, স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া নতুন এই ভাইরাস এর আগে কখনোই মানবদেহে পাওয়া যায়নি। পাখির দেহ থেকে এই ভাইরাস সিলের দেহে যেতে পারে—এই বিষয়টি বিবেচনা করছেন না বিজ্ঞানীরা। এ ব্যাপারে ড. মস্কোনা বলেন, ফ্লুর উৎপত্তি যেকোনো জায়গা থেকেই হতে পারে। তিনি আরও বলেন, নতুন এই ভাইরাস মোকাবিলায় আমাদের আগের যে প্রস্তুতি ছিল, এখন তার চেয়ে অনেক ভালো প্রস্তুতি প্রয়োজন। বিবিসি।