সিসি ও সাব্বাহির লড়াইয়ে রূপ নিল মিসরের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেল ফাত্তাহ আল-সিসি, হামদিন সাব্বাহি
আবদেল ফাত্তাহ আল-সিসি, হামদিন সাব্বাহি

মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সাবেক সেনাপ্রধান এবং ২০১১ সালে সংঘটিত হোসনি মোবারকবিরোধী গণ-অভ্যুত্থানের নায়ক দাবিদার এক বামপন্থী নেতার মধ্যকার লড়াইয়ে রূপ নিয়েছে।
আগামী ২৬-২৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে এগিয়ে রয়েছেন সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জনসমর্থনের ঢেউয়ে ভর করেই এগিয়ে আছেন তিনি।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুতকারী এই সিসির মূল প্রতিদ্বন্দ্বী হলেন হামদিন সাব্বাহি। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেছিলেন সাব্বাহি। নির্বাচনে জয়ী হয়েছিলেন মুরসি। ২০১১ সালে স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে যাঁরা অভ্যুত্থান ঘটিয়েছিলেন, সেসব সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র নেতা হিসেবে এখন সাব্বাহিকেই বিবেচনা করেন তাঁর সমর্থকেরা।
অন্যদিকে মুরসির দল মুসলিম ব্রাদারহুড এই নির্বাচনী লড়াইয়ে নেই। দলটিকে সেনাসমর্থিত সরকার ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে নিপীড়ন-নির্যাতন। মোবারকের পতনের পর দেশে অনুষ্ঠিত সর্বস্তরের নির্বাচনেই জয়ী হয় ব্রাদারহুড।
এবারের প্রেসিডেন্ট নির্বাচন সিসি ও সাব্বাহির লড়াইয়ে পরিণত হওয়ার আরেকটি কারণ হলো, মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতারা এখন কারাগারে বন্দী। যেকোনো নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির সদস্যদেরও করা হয়েছে নিষিদ্ধ।
মুরসিকে উৎখাতের পর মিসরে যে নজিরবিহীন সহিংসতা দেখা দেয়, তার পরিপ্রেক্ষিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এএফপি।