সিসির প্রশ্নে অবস্থান বদলাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ঝটিকা সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ সেখানে তিনি বিরোধী মুসলিম ব্রাদারহুডের ওপর সরকারের দমন-পীড়ন ও ইরাক সংকটের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট হুমকি নিয়ে নতুন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেন৷ খবর রয়টার্সের৷
সাবেক সেনাপ্রধান সিসি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মিসর সফরে যাওয়া সবচেয়ে বড় মার্কিন কর্মকর্তা হলেন জন কেরি৷ দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছর ক্ষমতাচ্যুত করেন এই সিসি৷
মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মাদ বাদিসহ ১৮৩ জন নেতা-কর্মীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত শনিবার রায় দিয়েছেন মিসরের একটি আদালত৷ এর এক দিন পর কায়রো সফরে গেলেন কেরি৷
সিসি প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সিসির সঙ্গে কাজ করতে আগ্রহী৷ কিন্তু দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ও বাগ্স্বাধীনতা সীমাবদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন৷
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘মিসরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন৷’ এর পরও গত কয়েক সপ্তাহে সেখানে কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা৷ এর মধ্যে আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দেওয়া, এক নারীর ওপর যৌন হয়রানির ঘটনায় পদক্ষেপ নেওয়া শুরু ও মন্ত্রিসভার প্রথম বৈঠকে মানবাধিকার রক্ষা আইন পর্যালোচনায় সিসির আহ্বান উল্লেখযোগ্য৷
১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তির পর থেকে মধ্যপ্রাচ্যে কায়রোকে নিজেদের অন্যতম মিত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র৷ কিন্তু গত বছর মুরসিকে ক্ষমতা থেকে হটানোর পর দেশটিকে দেওয়া বড় অঙ্কের সামরিক সহায়তা স্থগিত করে ওয়াশিংটন৷ তবে গত ১০ দিনে এর একটি অংশ আবার ছাড় দেওয়া হয়েছে৷
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট সিসির প্রশাসন যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রীতিতে চলছে বলে মনে হয়, তাহলে স্থগিত করা বাকি সামরিক সহায়তাও দ্রুত ছাড় দেওয়া হবে৷
মিসরের সঙ্গে সম্পর্ক ছাড়াও পুরো মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন কেরি৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার জানান, ইরাক সংকট নিয়ে আলোচনার জন্য ওই অঞ্চলে কেরিকে পাঠানো হচ্ছে৷