সিসির সঙ্গে টক্কর দেবেন সাবাহি
‘রুটি, স্বাধীনতা আর সামাজিক বিচার’ স্লোগান সামনে রেখে নির্বাচনে লড়ছেন হামদিন সাবাহি। ২৬ ও ২৭ মে মিসরজুড়ে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রচণ্ড প্রভাশালী প্রার্থী সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনি।
জনশ্রুতি, সমর্থন ও পরিস্থিতি সবই এখন সিসির অনুকূলে। কাজেই তিনি যে মিসরের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এটা অনেকে ধরেই নিয়েছে। এর পরও তাঁর সঙ্গে টক্কর দিতে কোমর বেঁধে প্রস্তুত সাবাহি।
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে মিসরে এখন পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। সাবাহিও এতে শামিল। তাঁর ওই স্লোগান সমর্থকদের মুখে মুখে।
৬০ বছর বয়সী এই নেতা জানান, প্রেসিডেন্ট আনোয়ার সা’দাত ও হোসনি মোবারকের সময় তিনি ১৭ বার কারাভোগ করেছেন। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি ছিলেন তৃতীয় স্থানে।
সাবাহি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও বিশ্লেষকেরা তাঁর জয়ের ব্যাপারে তেমন আশাবাদী নন। তিনি একমাত্র ব্যক্তি, যিনি সিসিকে চ্যালেঞ্জ করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন সাবাহি। বলেছেন, সে দেশে তিন বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবেন।
আল-কারামা নামের একটি দল প্রতিষ্ঠা করলেও মোবারকের শাসনামলে দলের নিবন্ধন পাননি সাবাহি। ২০০০ ও ২০০৫ সালে তিনি স্বতন্ত্র সাংসদ নির্বাচিত হন। ২০১০ সালেও নির্বাচন অংশ নিলেও মোবারকের পক্ষে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেছিলেন।
১১ মাস আগে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে অপসারণ করেন তত্কালীন সেনাপ্রধান সিসি। নেমে আসেন জনগণের কাতারে। মূলত প্রেসিডেন্ট হওয়ার জন্যই তিনি এ পদ ছেড়ে দেন। ব্যক্তিস্বাধীনতার চেয়ে জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
সাবাহি ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দিলেও তাঁর এই আহ্বানে তেমন সাড়া দিচ্ছে না জনগণ। সাবাহির ভয় সিসির মধ্য দিয়ে আবার স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে।
দাখালিয়া প্রদেশের নিল ডেলটায় এক নির্বাচনী প্রচারে সাবাহি এএফপিকে বলেন, ‘আমরা দুজন প্রেসিডেন্টকে পদচ্যুত করেছি। কিন্তু মিসর এখনো অশান্ত এবং যতক্ষণ না এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, ততক্ষণ এটি শান্ত হবে না। এ জন্য প্রয়োজন এমন প্রার্থী, যিনি বিপ্লবের চেতনা ধারণ করেন। আর আমাদের এটি আছে।’
গত জুলাইয়ে সাবাহিসহ বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে মুরসিকে পদচ্যুত করেন সিসি। ওই সময় সাবাহি সিসিকে সমর্থনও দেননি আবার প্রকাশ্যে সমালোচনাও করেননি।
সম্প্রতি সিসির জনপ্রিয়তা তুঙ্গে উঠলেও বিপ্লবী বাহিনীকে ব্যবহার করতে চাইছেন সাবাহি, বিশেষ করে তরুণদের আন্দোলনকে। অনেকেই তাঁকে সমর্থন দিতে চেয়েছেন। আবার অনেকে মনে করেন এই নির্বাচন হচ্ছে ‘নামমাত্র’।
গত জুলাইয়ে মুরসিবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অনেককে সেনা কর্তৃপক্ষ করাগারে পাঠায়। যেসব তরুণ আন্দোলনকারী এখন কারাগারে, তাঁদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সাবাহি। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে বিতর্কিত সব আইন বাতিল করবেন।
সম্প্রতি দেশটির একটি আদালত হত্যাসহ বিভিন্ন অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে তাঁদের বিষয়ে কোনো আশ্বাস দেননি সাবাহি। এএফপি অবলম্বনে