সিসির 'রাষ্ট্রপতিত্বে' পুতিনের হ্যাঁ
মিসরের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার লড়াইয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাত্তাহ আল সিসিকে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বৃহস্পতিবার বিবিসির এক খবরে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে এক অস্ত্রচুক্তি নিয়ে আলোচনার সময় সিসির প্রতি সমর্থন জানান পুতিন। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি সিসির প্রার্থিতার ব্যাপারে ওয়াকিবহাল।
তবে সিসির প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়ে মিসরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গত বছরের জুলাইয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাতে নেতৃত্ব দেন ফিল্ড মার্শাল সিসি।
বিবিসির প্রতিনিধিরা জানান, জনপ্রিয় হওয়ায় এবং শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।
দ্বিপক্ষীয় বৈঠকে পুতিন সিসিকে বলেন, ‘আমি জানি, আপনি মিসরের প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগত ও রাশিয়ার জনগণের পক্ষ থেকে আপনার সাফল্য কামনা করি।’
মুরসিকে ক্ষমতাচ্যুত করার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র মিসরকে দেওয়া কিছু বার্ষিক সামরিক সহায়তা প্রত্যাহার করেছে। এরপর রাশিয়ার সঙ্গে দুই বিলিয়ন ডলারের একটি অস্ত্রচুক্তি নিয়ে মধ্যস্থতা করতে রাশিয়ায় যান সিসি।
বৈঠকের পর সিসি বলেন, ‘এ সফরের মধ্য দিয়ে মিসর ও রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্র নতুনভাবে প্রসারিত হলো। আমরা এ সহযোগিতাকে ত্বরান্বিত করতে চাই।’