সিহানুকের মরদেহ কম্বোডিয়ায়
কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের মরদেহ গতকাল বুধবার বিমানে করে দেশে নেওয়া হয়েছে। গত সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানী নমপেনে বিমানবন্দরে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাদের রাজার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। বিমানবন্দর থেকে সিহানুকের (৮৯) মরদেহ নমপেনের রাজপ্রাসাদে নেওয়া হয়।সিহানুকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া, জাপানসহ আরও অনেক দেশ পৃথক শোকবার্তা পাঠিয়েছে। এর আগে প্রয়াত সাবেক রাজার মৃত্যুতে কম্বোডিয়ায় এক সপ্তাহের সরকারি শোক ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকার্ত মানুষ কালো ব্যাজ ধারণ করে। এ ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।সরকারি সূত্র বলেছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক রাজার মরদেহ নমপেনের রাজপ্রাসাদে তিন মাস সংরক্ষণ করা হবে। এরপর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিবিসি।