সিহানুকের মৃত্যুতে কম্বোডিয়ায় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের মৃত্যুতে গতকাল মঙ্গলবার দেশটিতে শোক পালিত হয়েছে। কালো ব্যাজ পরে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দেশের সর্বস্তরের মানুষ প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানায়। তাঁর মরদেহ চীন থেকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।৮৯ বছর বয়সী সিহানুক বেইজিংয়ের একটি হাসপাতালে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ বুধবার দেশে নেওয়া হবে। সরকারি সূত্র জানায়, রাজধানী নমপেনের রাজপ্রাসাদে তিন মাস সংরক্ষণের পর তাঁর আড়ম্বরপূর্ণ শেষকৃত্য হবে। সিহানুক চিকিৎসার জন্য গত জানুয়ারি থেকে বেইজিংয়ে ছিলেন।নমপেন শহরে বিভিন্ন বয়সী লোকজনকে তাদের ঐহিত্যবাহী শোকের পোশাক পরতে দেখা যায়। দেশের বেতার ও টেলিভিশন কেন্দ্রগুলোকে শোক চলাকালে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।কয়েক দশক ধরে যুদ্ধ, গণহত্যা ও অস্থিতিশীলতার পর সিহানুকের নেতৃত্বে কম্বোডিয়ায় শান্তি ফিরে এসেছিল। তাঁর ‘স্মরণীয় ও অতুলনীয়’ নেতৃত্বের প্রশংসা করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন গভীর শোক প্রকাশ করেন। সিহানুকের স্ত্রী রানি মনিক এবং ছেলে ও বর্তমান রাজা নরোদম সিহামনিকে লেখা চিঠিতে হুন সেন বলেন, দেশবাসী তাদের প্রয়াত নেতাকে অনন্তকাল মনে রাখবে। এএফপি।