সিিরয়ার জঙ্গিগোষ্ঠী অাইএসআইএলকে আল-কায়েদা চেনে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (অাইএসআইএল) সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে আল-কায়েদা৷ গত রোববার ওয়েবসাইটে প্রকাশিত আইমান আল জাওয়াহিরির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷
আল-কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি গত বছরের মে মাসে ওই গোষ্ঠীকে ভেঙে দেওয়ার ও ইরাকে ফেরত আসার নির্দেশ দিয়েছিলেন৷ একই সঙ্গে তিনি েঘাষণা করেছিলেন, সিরিয়ায় আল-কায়েদার আনুষ্ঠানিক শাখা হিসেবে আল-নুসরা ফ্রন্টের কাজ করার কথা৷
বিবৃতিতে জাওয়াহিরি বলেন, ‘আল-কায়েদা ঘোষণা করছে, এই সংগঠনের সঙ্গে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের কোনো সংশ্লিষ্টতা নেই৷ এর অস্তিত্ব সম্পর্কেও অবগত নয় আল-কায়েদা৷ এই গোষ্ঠীকে মেনে নেওয়া হবে না৷’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইএসআইএল আল-কায়েদার কোনো শাখা নয়৷ এর সঙ্গে কোনো সম্পর্কও নেই৷ এর কার্যকলাপের দায়দায়িত্ব আল-কায়েদা নেবে না৷’
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রাথমিক পর্যায়ে আইএসআইএলের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে কিছু বিদ্রোহী স্বাগত জানিয়েছিল৷ কিন্তু নিরীহ বেসামরিক লোকজন ও প্রতিপক্ষের বিদ্রোহীদের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় তাদের ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ সরকারবিরোধীরা অভিযোগ করেছে, আইএসআইএল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে৷ এএফপি৷