সিয়াওবোর মুক্তি চান জাপানি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী লিউ সিয়াওবোর মুক্তি চান জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান। গতকাল বৃহস্পতিবার দেশের পার্লামেন্টে বক্তৃতার সময় তিনি তাঁর এই মনোভাবের কথা জানান।সম্প্রতি চীনের একটি মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেনকে আটক করে জাপান। এ ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়। সম্পর্ক আবার স্বাভাবিক করতে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে জাপান। কূটনৈতিক এই প্রচেষ্টা সত্ত্বেও সিয়াওবোকে মুক্তির ব্যাপারে তাঁর মনোভাব প্রকাশ করলেন কান।পার্লামেন্টে কানের কাছে জিজ্ঞাসা করা হয়, সিয়াওবোর মুক্তি পাওয়া উচিত কি না? জবাবে কান বলেন, ‘প্রতিটি দেশেই মৌলিক মানবাধিকার রক্ষিত হওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকে এটাও প্রত্যাশিত।’রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে লিউ সিয়াওবোকে গত ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন। তাঁকে মুক্তি দিতে চীনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়।প্রধানমন্ত্রী কান আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমিও দেখার অপেক্ষায় আছি সিয়াওবো নিজে উপস্থিত হয়ে এই পুরস্কার গ্রহণ করতে পারেন কি না; নাকি তাঁর স্ত্রী বা পরিবারের সদস্যরা এটি গ্রহণ করবেন।’তবে সঙ্গে সঙ্গে কিছুটা নরম হয়ে আসেন কান। এবার তিনি বলেন, উভয় পক্ষের কৌশলগত পারস্পরিক স্বার্থের বিবেচনায় চীন-জাপান সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে আসছে। চীনা মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইয়োশিতো সেঙ্গোকু জানিয়েছেন, সিয়াওবোকে মুক্তির জন্য চীনের প্রতি জাপান কোনো আনুষ্ঠানিক আহ্বান জানাবে না।চলতি মাসের শেষের দিকে ভিয়েতনামে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে কান ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করার চেষ্টা করছেন জাপানের কর্মকর্তারা।সেঙ্গোকু জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করছেন। তবে এখনো আমরা নিশ্চিতভাবে জানি না, বৈঠক হবে কি না।কারাবন্দী সিয়াওবোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ায় খুশি হতে পারেনি চীন। এ জন্য তারা নোবেল কমিটির সমালোচনা করেছে। পুরস্কার ঘোষণার পর থেকে দেশটি সিয়াওবোর স্ত্রী লিউ সিয়াকে গৃহবন্দী করে রেখেছে।এদিকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক নেতারা সরকারের সেন্সরশিপের বিরোধিতা করে বাকস্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকারের সমালোচনা করে একটি খোলা চিঠি ওয়েবসাইটে প্রকাশ করেন দলের ওই সাবেক নেতারা। এতে স্বাক্ষর করেন মাও সে তুংয়ের সেক্রেটারি লি রুয়ি এবং পিপলস ডেইলির সাবেক এক সম্পাদকসহ সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতারা। কিন্তু তাঁদের চিঠিটি সরকার সরিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার আরও অনেকের স্বাক্ষরসহ খোলা চিঠিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এএফপি, গার্ডিয়ান।