সিয়াওবোর মুক্তি চেয়েছেন ওবামা চীনা গণমাধ্যমে কড়া সমালোচনা
শান্তিতে এবারের নোবেল পুরস্কারজয়ী চীনের কারাবন্দী ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াওবোর মুক্তি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সিয়াওবোকে ‘বাগ্মী’ ও ‘সাহসী’ মুখপাত্র উল্লেখ করে তিনি এই ‘ত্যাগী’ নেতাকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়ার জন্য চীনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কার ঘোষণার পরপরই এক লিখিত বিবৃতিতে ওবামা এ আহ্বান জানান।সিয়াওবোর নোবেল পুরস্কার লাভ নিয়ে চীনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশটির গণমাধ্যম এ পুরস্কারের ব্যাপক সমালোচনা করেছে। পত্রপত্রিকাগুলো বলেছে, রাজনৈতিক বিবেচনায় চীনবিরোধী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভিন্নমতাবলম্বী সিয়াওবোকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এদিকে সিয়াওবোর সমর্থকদের ধরপাকড়ও শুরু হয়েছে। সিয়াওবোর নোবেল বিজয় উদ্যাপনের সময় বেইজিংয়ে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হংকংয়ে গ্রেপ্তার করা হয়েছে একজন সাংবাদিককে।মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, সাবেক সোভিয়েত ইউনিয়নের আন্দ্রে শাখরভ ও পোল্যান্ডের লেস ওয়ালেসার পর সিয়াওবো কারাবন্দী হিসেবে শান্তিতে নোবেল পেলেন। চীনে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য তাঁকে এ সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হলো।প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘গত বছর আমি বলেছিলাম (২০০৯ সালে শান্তিতে নোবেল জয়ের পর), এর আগে যাঁরা শান্তিতে নোবেল পেয়েছেন, তাঁরা আমার চেয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলেন সিয়াওবো, যিনি তাঁর বিশ্বাসের জন্য তাঁর সব স্বাধীনতা বিসর্জন দিয়েছেন।’ তিনি বলেন, চীন গত ৩০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে নাটকীয় অগ্রগতি অর্জন করেছে। মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটেছে। দেশটির কোটি কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। কিন্তু এই পুরস্কার আমাদের স্মরণ করিয়ে দিল, চীনে রাজনৈতিক সংস্কার গতি অর্জন করেনি।’ ওবামা বলেন, ‘প্রত্যেক পুরুষ, নারী ও শিশুর মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। সিয়াওবোকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়ার জন্য আমরা চীনা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সিয়াওবোর মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিয়াওবোর মতো গঠনমূলক দায়িত্ব পালনকারী প্রত্যেক ব্যক্তিকে প্রতিটি সরকারের উচিত স্বীকৃতি দেওয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সিয়াওবোর প্রশংসা করে তাঁর মুক্তির আহ্বান জানিয়েছেন। এদিকে নোবেল কমিটির সমালোচনা করে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, ‘সিয়াওবোকে নোবেল দিয়ে নোবেল কমিটি আবারও এমন একটি দেশের বিরুদ্ধে ঔদ্ধত্য দেখিয়েছে, যে দেশ বিগত তিন দশকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা পেয়েছে।’১৯৮৯ সালে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার শান্তিতে নোবেল লাভের কথা উল্লেখ করে পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘চীনে নোবেল পুরস্কারকে সাধারণত মর্যাদার সঙ্গেই দেখা হয়। কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারকে চীনারা মনে করে, এটি শুধু পশ্চিমাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই দেওয়া হয়।’ পত্রিকাটি বলেছে, সিয়াওবো চীনে পশ্চিমাদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিস্থাপন করতে চান। চীনে শান্তি ও অগ্রগতি প্রতিষ্ঠায় সিয়াওবো ও দালাই লামার কোনো ভূমিকা নেই।গণমাধ্যমে সমালোচনার পাশাপাশি সিয়াওবোর নোবেল লাভের খবর দেশটির ওয়েবসাইটগুলোতে ব্লক করে দেওয়া হয়েছে। ‘নোবেল পিস প্রাইজ’ অথবা ‘লিউ সিয়াওবো’ লিখে অনুসন্ধান চালালে এ সম্পর্কে কিছুই পাওয়া যায় না। দু-একটি ওয়েবসাইট এ-সংক্রান্ত এক লাইনের খবর দিলেও কে পুরস্কার পেয়েছেন, তাঁর নাম উল্লেখ করেনি। আরেকটি ওয়েবসাইটে আলফ্রেড নোবেলের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘৮ অক্টোবর ডিনামাইট পুরস্কার’! এ লেখার পাশাপাশি সিয়াওবোর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। ছবির নিচে কেবল তাঁর আটকাদেশ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় সারা বিশ্বের টেলিভিশন চ্যানেলগুলোতে সিয়াওবোর নোবেল লাভের খবর ফলাও করে প্রচার করলেও চায়না সেন্ট্রাল টেলিভিশন এ-সংক্রান্ত কোনো খবর প্রচার করেনি। সিয়াওবোর নোবেল জয়ের আনন্দও উদ্যাপন করতে দেওয়া হচ্ছে না। মানবাধিকার আইনজীবী টেং বিয়াও জানান, শুক্রবার রাতে কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। সিয়াওবোর নোবেল বিজয়ে লোকজন আনন্দ করুক, সেটা সরকার চায় না। ৫৪ বছর বয়সী সিয়াওবোকে গত বছরের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ডাদেশ দেন চীনা আদালত। ২০০৮ সালের ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি মেনিফেস্টো প্রকাশ করার দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। এএফপি।