পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, সিয়াচেন হিমবাহ থেকে একতরফাভাবে সেনা সরিয়ে নেবে না পাকিস্তান। তিনি বলেন, হিমালয়ের ওই হিমবাহ থেকে তখনই সেনাদের ফিরিয়ে আনা যেতে পারে, যখন ভারতও ঠিক একই কাজ করবে। শুক্রবার লাহোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ওকারা জেলায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। জারদারি বলেন, পাকিস্তানি সেনা প্রত্যাহার সম্ভব, যদি ভারতও একই সিদ্ধান্ত নেয়। এটি একতরফা সিদ্ধান্তের ব্যাপার নয়। গত ৭ এপ্রিল সিয়াচেনে পাকিস্তানের একটি সেনাক্যাম্প তুষারধসে চাপা পড়ে। এতে ১৩৮ জন সেনার মৃত্যু হয়। এসব সেনার আত্মার শান্তি কামনা করেন জারদারি। তিনি বলেন, ‘সিয়াচেন যে বিশ্বের সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্র, এতে সন্দেহ নেই। ওই এলাকার চরম জলবায়ু ও অন্যান্য সমস্যার ব্যাপারে আমরা সতর্ক আছি। তবে ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হলে তা দুই দেশের সরকারকে যৌথভাবে করতে হবে।’ তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে পাকিস্তান এসব সমস্যার সমাধান করতে চায়।জারদারি বলেন, হেড সুলেমানকি সীমান্ত খুলে দেওয়ার প্রস্তাব বিবেচনা করবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এ ছাড়া ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান থেকে নয়াদিল্লির মধ্যে সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে। ৮ এপ্রিল ভারত সফর করেন জারদারি। তখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নের ব্যাপারে জোর দিয়েছেন বলেও জানান জারদারি। তিনি বলেন, বাণিজ্য দুই দেশের জনগণের ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পিটিআই অনলাইন।