সিয়াচেন বিরোধ নিয়ে জুনে ভারত-পাকিস্তান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিয়াচেন হিমবাহ বিরোধ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১১ ও ১২ জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ কথা জানান।দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধের শুরু আশির দশকে। বিরোধপূর্ণ কাশ্মীরে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণরেখার ঠিক উত্তর পাশে সিয়াচেন হিমবাহের অবস্থান। দুই দেশই ৭০ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহের পুরো মালিকানা দাবি করে আসছে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উভয় দেশের সেনা মোতায়েন রয়েছে সেখানে।গত ৭ এপ্রিল সিয়াচেন এলাকায় পাকিস্তানি সেনা ঘাঁটিতে তুষারধসে ১৪০ সেনার প্রাণহানি ঘটে। এরপর ওই এলাকায় সেনা মোতায়েন নিয়ে পাকিস্তানে নানা প্রশ্ন উঠেছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জেম আহমেদ খান বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে আসন্ন প্রতিরক্ষাসচিব পর্যায়ে আলোচনায় সিয়াচেনও থাকবে। আগামী ১১ ও ১২ জুন ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সিয়াচেনসহ বিরোধপূর্ণ সব বিষয়ের সমাধান হবে।’পিটিআই কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে স্যার গ্রিক বর্ডার নিয়ে দুই দেশের আলোচনার তারিখ পুনর্নির্ধারণ করতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বানের খবর প্রকাশ করে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে ওই আলোচনা হওয়ার কথা ছিল। পিটিআইয়ের খবরের পর পর পাকিস্তানের মুখপাত্র মোয়াজ্জেম খান ইসলামাবাদে আগামী জুনে দুই দেশের বৈঠকের কথা জানালেন।পাকিস্তানের সেনা-প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি গত মাসে সিয়াচেন সমস্যা নিয়ে আলোচনার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। সিয়াচেন নিয়ে এর আগের বৈঠকটি প্রায় এক বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রতিরক্ষা সচিব এতে অংশ নেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়।ভারত বলছে, ইসলামাবাদের বৈঠকে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সিয়াচেন অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর সঠিক অবস্থান নিশ্চিত করতে চাপ দেবে। এএফপি, এনডিটিভি।