সিয়েরা লিওনের প্রেসিডেন্ট কোরোমা পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিয়েরা লিওনের বর্তমান প্রেসিডেন্ট আরনেস্ট বেই কোরোমা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন গতকাল শনিবার এ কথা জানায়। কোরোমার জন্য এটিই হবে শেষ মেয়াদ।গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারোমা মোট ভোট পেয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৮৮১টি। অর্থাৎ তিনি পেয়েছেন ৫৯ শতাংশ ভোট। নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ৫৫ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বৈরশাসক জুলিয়াস মাড্ডা বায়ো পান ৩৮ শতাংশ ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পড়েছে প্রায় ৮৭ দশমিক ৩ শতাংশ।কোরোমাকে পুনর্নির্বাচিত ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসেন তাঁর সমর্থকেরা। নেচে, গেয়ে এবং হাঁড়ি-পাতিল পিটিয়ে তাঁরা আনন্দ উৎসব করেন। এই নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এটি যুদ্ধ-পরবর্তী সিয়েরা লিওনের সরকার আয়োজিত প্রথম নির্বাচন। এর আগে দুটি নির্বাচন হলেও তা আয়োজনের দায়িত্বে ছিল জাতিসংঘ। সিয়েরা লিওনে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত গৃহযুদ্ধ হয় এবং এতে প্রায় ৫০ হাজার লোক মারা যায়। বিবিসি।