দক্ষিণ চীন সাগরে নিজের সীমানা রক্ষার অঙ্গীকার করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। এ জন্য প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহারের জন্যও প্রস্তুত তাঁরা। গতকাল সোমবার কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণে (স্টেট অব দ্য নেশন অ্যাড্রেস) এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।সম্প্রতি দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। এ বিরোধকে সামনে রেখে বেনিগনো অ্যাকুইনো বিশ্বের কাছে ফিলিপাইনের মজবুত অবস্থানের বার্তা পাঠালেন। দেশটির সরকার সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করেছে। নৌবাহিনীর জন্য জাহাজ ও অস্ত্রশস্ত্র কেনা হয়েছে।ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কারও সঙ্গে উত্তেজনা বাড়াতে চাই না। কিন্তু বিশ্বকে জানাতে চাই, আমাদের যা আছে, তা রক্ষার জন্য আমরা প্রস্তুত।’ এ সময় রাজনীতিবিদ ও অতিথিরা তুমুল করতালি দিয়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।বেনিগনো অ্যাকুইনো বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা নিজেদের সামর্থ্য দিয়ে কারও হুমকির যথাযথ জবাব দিতে পারতাম না। কিন্তু এখন বিশ্বের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, আমাদের যা আছে, তা আমাদেরই। রেকটো ব্যাংকে অন্য কারও পা রাখা মানে রেকটো এভিনিউয়ে পা রাখা।’দক্ষিণ চীন সাগরের কয়েকটি ক্ষুদ্র দ্বীপ একত্রে রিড ব্যাংক নামে পরিচিত। ফিলিপাইন এর নাম দিয়েছে রেকটো ব্যাংক। আর রেকটো এভিনিউ হলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অন্যতম প্রধান রাজপথ। ফিলিপাইন ও চীন উভয় দেশই এই রিড ব্যাংক বা রেকটো ব্যাংকের দাবিদার।ম্যানিলার অভিযোগ, গত মার্চে ফিলিপাইনের তেল অনুসন্ধানকারী জাহাজ রিড ব্যাংকের কাছে গেলে চীন তাদের হয়রানি করে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর একটি বড় টহল জাহাজ ফিলিপাইন নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ হতে যাচ্ছে। আগামী মাসে তা ফিলিপাইনের উপকূলে পৌঁছার কথা। সম্প্রতি চীন দাবি করে, কোনো বিতর্ক ছাড়াই প্রাচীনকাল থেকেই দক্ষিণ চীন সাগরের মালিকানা চীনের হাতে রয়েছে। তবে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে ফিলিপাইন বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবির বৈধতা নেই। শুধু চীন ও ফিলিপাইন নয়—তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগর ও এর সংলগ্ন এলাকার মালিকানা দাবি করে আসছে।বিক্ষোভ: গতকাল বেনিগনো অ্যাকুইনোর পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রতিবাদে ম্যানিলার রাজপথে বিক্ষোভ হয়েছে। পার্লামেন্ট ভবনের কাছে এ বিক্ষোভে কয়েক হাজার লোক অংশ নেয়। এএফপি।