সীমান্ত ও ছিটমহল নিয়ে বিজেপির সঙ্গে মনমোহনের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময়ের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে আলোচনা করেছেন। সংবিধান সংশোধনী বিল পাস করাতে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন আদায়ের অংশ হিসেবে এ আলোচনা করেন তিনি।

মনমোহন সিং বিজেপির চার শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বাস দেওয়া হলেও চুক্তি সম্পাদনে জট এখনো খোলেনি। চুক্তি দুটি সম্পাদনের জন্য কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা  (ইউপিএ) সরকার চাইছে বর্ষাকালীন অধিবেশনেই সংবিধান সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করতে। কিন্তু বিজেপি রাজি হচ্ছে না। বিলটি পাস করতে হলে দুই-তৃতীয়াংশ আইন প্রণেতার সমর্থন প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ব্যাপারে বিজেপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে গত মঙ্গলবার বিজেপির সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিনহা জানিয়েছিলেন, বিজেপি এই বিল সমর্থন করবে না।