
ভারত ও চীনের মধ্যে গতকাল বুধবার সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। প্রতিবেশী দুই আঞ্চলিক শক্তির মধ্যে হিমালয় সীমান্তে বিরোধ নিয়ে বিদ্যমান উত্তেজনা প্রশমনই চুক্তিটির লক্ষ্য। দুদেশের মধ্যে গতকাল নয়টি চুক্তি ও একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে এক বৈঠকের পর সীমান্তবিষয়ক চুক্তি হয়। এটি গতকাল সই হওয়া মোট নয়টি চুক্তির অন্যতম। এ ছাড়া অভিন্ন নদী ও পরিবহনের ব্যাপারে সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে যৌথ প্রতিরোধের ব্যাপারেও দুটি দেশের মধ্যে মতৈক্য হয়েছে।
মনমোহন পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইয়াতাই-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন।
পরমাণু শক্তিধর দেশ দুটি নিজেদের মধ্যে কয়েক দশকের পুরোনো সীমান্ত বিরোধ নিরসনে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভারতের বৈরী প্রতিবেশী পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন হিমালয়ের পূর্ব অংশে ভারতীয় সীমানাভুক্ত অন্তত ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করে। অন্যদিকে নয়াদিল্লির দাবি, পশ্চিমে আকসাই চিন মালভূমিতে ভারতের ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্তটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নামে পরিচিত। সীমান্ত বিরোধের জেরে দুটি দেশের মধ্যে ১৯৬২ সালে একটি স্বল্পস্থায়ী যুদ্ধও হয়।
ভারতের একজন কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন, এলএসি এলাকায় টহল নিয়ে অনাকাঙ্ক্ষিত খণ্ডযুদ্ধ বর্জন করাই সম্ভাব্য নতুন সীমান্ত চুক্তিটির লক্ষ্য। এটি সম্পাদিত হলে উভয় পক্ষ পরস্পরকে জানিয়ে নির্দিষ্ট অঞ্চলে টহল দেবে এবং সর্বোচ্চ সংযমের পরিচয় দেবে। ভারত সম্প্রতি চীনের সেনাদের বিরুদ্ধে একাধিকবার তার ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ তোলে।
মনমোহনের সঙ্গে বৈঠকের পর লি কেকিয়াং বলেন, নতুন সীমান্ত চুক্তিটি উভয় দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। আলোচনায় রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দুই দেশের উদ্যোগে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী যৌথ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
মনমোহন বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিদ্যমান উপাদানগুলোর সঙ্গে বাড়তি উদ্যোগ হিসেবে যুক্ত হবে ওই চুক্তি।
ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দাদের জন্য চীনের বিশেষ (স্ট্যাপলড) ভিসা-সংক্রান্ত বিষয়ে কোনো সমঝোতা হয়নি। চলতি মাসের শুরুতে চীনের একটি বিমান সংস্থা ভারতীয় দুজন ক্রীড়াবিদের স্ট্যাপলড ভিসা নিয়ে আপত্তি করে। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশকে চীন তাদের ভূখণ্ড বলে দাবি করে থাকে।
ভারত ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করার ব্যাপারে চীনা প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। বর্তমানে বাণিজ্য ভারসাম্য চীনের পক্ষে। দুটি দেশ ২০১৫ সালের মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর এর পরিমাণ ছিল ছয় হাজার ১৫০ কোটি ডলার। চীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। এএফপি ও রয়টার্স।