সীমান্ত চুক্তি অনুমোদনে সংবিধান (১১৯তম সংশোধন) বিল, ২০১৩ রাজ্যসভায় পেশ করার তৃতীয় চেষ্টাও ব্যর্থ হলো তৃণমূল কংগ্রেসের তুমুল বিরোধিতায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এখন তৃণমূলের নেতাদের বোঝাবেন এবং এই অধিবেশনে বিলটি পেশ করতে আবার চেষ্টা করবেন। সেটা কত দিনে সম্ভব হবে, সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্লা তা বলতে পারেননি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অবশ্য আশা করেছিলেন, বিজেপি বাধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যসভায় বিলটি উত্থাপিত হয়ে যাবে। এই আশায় গতকাল তিনি বিরোধীদলীয় নেতা বিজেপির অরুণ জেটলির মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তাও (এসএমএস) পাঠান। বিজেপির সাংসদেরা অবশ্য বিল উত্থাপনে বাধা দেননি।
কিন্তু বেলা দুইটায় সালমান খুরশিদ বিলটি পেশ করতে উঠে দাঁড়াতেই তৃণমূলের ডেরেক ওব্রায়ান, সৃঞ্জয় বোস, নাদিমুল হক, বিবেক গুপ্তা ও আসাম গণ পরিষদের (আগপ) বীরেন্দ্র বৈশ্য বাধা সৃষ্টি করেন। চেষ্টা চলে মন্ত্রীর হাত থেকে বিলটি ছিনিয়ে নেওয়ারও। সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ন সঙ্গে সঙ্গে ১০ মিনিটের জন্য সভা মুলতবি করে দেন। ১০ মিনিট পর সভা শুরু হওয়া মাত্র তৃণমূলের সদস্যরা সালমানকে ঘিরে ধরেন। ডেরেকসহ কেউ কেউ সভার ওয়েলে নেমে আসেন ও বলতে থাকেন, কোনো অবস্থাতেই বিলটি পেশ করতে দেবেন না। প্রবল বিরোধিতার মুখে কুরিয়ন জানান, বিলটি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সকাল থেকেই সাংসদদের বিলটি উত্থাপনে বিরোধিতার নির্দেশ দিতে থাকেন। এর আগে দুবার বিল উত্থাপনের সময় বিরোধিতা করেছিল বিজেপি ও আগপ। তখন তৃণমূল চুপ ছিল।
কেন হঠাৎ এভাবে বিরোধিতা, জানতে চাইলে প্রথম আলোকে ডেরেক ওব্রায়ান বলেন, ‘আমরা বিরোধিতা করছি। কারণ, আমাদের সঙ্গে এ নিয়ে সরকার কোনো আলোচনাই করেনি। দেশের সীমান্ত নতুনভাবে নির্ধারিত হবে, অথচ আমাদের অন্ধকারে রাখা হচ্ছে। এটা করতে দেওয়া হলে তা খুব খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করবে।’
আগপের সাংসদ বীরেন্দ্র বৈশ্য বলেন, এই বিল সংবিধানবিরোধী। যেকোনো মূল্যেই তা রুখে দেওয়া হবে।
তবে সরকারি সূত্র বলছে, সীমান্ত রাজ্যগুলোর সঙ্গে সরকার কথা বলেনি, এমন নয়। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা—চার রাজ্যের সঙ্গেই কেন্দ্র আলোচনাই শুধু করেনি, চার রাজ্যের সম্মতিপত্রও কেন্দ্রের কাছে আছে।
তৃণমূলের দাবি, আলোচনা হয়েছিল বাম সরকারের সঙ্গে এবং বাম আমলের মুখ্য সচিবের সম্মতিপত্র কেন্দ্রের কাছে থাকতে পারে। এই আপত্তি উঠতে পারে, তা আন্দাজ করেই তৃণমূলের প্রবীণ সদস্য সাবেক কেন্দ্রীয় সচিব দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সালমান আলোচনা করেন। সেই খবর মমতার কানে যেতেই তিনি চরম বিরোধিতার নির্দেশ দেন। পাশাপাশি আগপের পক্ষ থেকেও তৃণমূলের সাহায্য চাওয়া হয়। বিজেপি নীরব থাকলেও তৃণমূল-আগপ যুগলবন্দীতে সরকার আর কোনো ঝুঁকি নিতে চায়নি।
রাজীব শুক্লা প্রথম আলোকে বলেন, ‘সালমান চেষ্টা করবেন মমতার সঙ্গে কথা বলতে। তৃণমূলের মনে যদি কোনো আশঙ্কা থাকে, প্রশ্ন থাকে, সংশয় থাকে, তা দূর করে বিল উত্থাপিত হবে।’ যদিও ডেরেক সংবাদমাধ্যমকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলে তারপর বিল উত্থাপনের চেষ্টা করবেন। এ জন্য দিন দশেক সময় লাগতে পারে।
১০ দিন মানে সংসদের চলতি অধিবেশনের শেষ দিকে। অধিবেশন শেষ হওয়ার কথা ৩০ আগস্ট। সরকার এই অধিবেশনেই রাজ্যসভায় বিলটি পেশ করতে বদ্ধপরিকর। একবার বিলটি পেশ হয়ে গেলে সেটি টিকে থাকবে। লোকসভা ভেঙে গেলেও বিলটি বাতিল হবে না রাজ্যসভায় পেশ হওয়ার দরুন। কিন্তু তা হবে কি না কিংবা হলে কবে, সেটাই বড় প্রশ্ন।