সীমান্ত বিল উত্থাপন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত বিল অনুমোদনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বৈঠক কবে হতে পারে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা না থাকলেও এ প্রশ্নে সিপিএমের সঙ্গে তৃণমূলের বিরোধ তীব্রতর হয়ে উঠেছে।

সিপিএমের পলিটব্যুরো সদস্য রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি বিস্ময় প্রকাশ করে বলেছেন, কংগ্রেসের জোট থেকে বেরিয়ে আসার পর হঠাৎই তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করছে। অথচ জোটে থাকাকালীন তারা কোনো প্রশ্নই তোলেনি। এ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তৃণমূলের রাজ্যসভা সদস্য ডেরেক ওব্রায়ান বলেছেন, ‘ওরা বাংলাকে বিক্রির চক্রান্ত করছে। আমরা তা হতে দেব না।’

এটা ঠিক যে, সীমান্ত চুক্তি অনুমোদন করা নিয়ে তৃণমূল কংগ্রেস এত দিন একবারের জন্যও সংসদে সরব হয়নি। সোমবার হঠাৎ তারা হইহই করে আসাম গণপরিষদের সঙ্গে হাত মিলিয়ে তীব্র বিরোধিতা করে বিলটি উত্থাপনে বাধা দিল।

কেন এবং কী সেই কারণ? গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে প্রথামাফিক সংবাদ সম্মেলনে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিকে এ প্রশ্নেরই মুখোমুখি হতে হয়। জবাবে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ওটাই তো বোঝা যাচ্ছে না। যত দিন ওরা কংগ্রেসের সঙ্গে ছিল, সব ঠিক ছিল। চুক্তি নিয়ে কোনো কথা বলেনি। যেই জোট ছাড়ল, সব ক্ষেত্রে বিরোধিতা শুরু হলো। তৃণমূল নেতারাও জানেন না, ওঁদের নেত্রীর মনে কী আছে।

প্রশ্নের জবাবে সীতারাম বলেন, ‘আমরা মনে করি, এই চুক্তি অনুমোদন করা উচিত। ওই সব এলাকায় যাঁরা থাকেন, তাঁরা এই চুক্তিতে উপকৃত হবেন। এই চুক্তির একটা মানবিক দিকও রয়েছে।’ তিনি বলেন, বিজেপিও এক সময় এই চুক্তি মেনে নিয়েছিল।

গতকাল প্রথম আলোকে ডেরেক বলেন, ‘একটা আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের আগে আমাদের সরকারের সঙ্গে কথা বলার প্রয়োজন দিল্লি মনে করেনি। আমাদেরও অনেক প্রশ্ন আছে, যেহেতু এই চুক্তির প্রতিক্রিয়া আমাদের রাজ্যের ওপরে পড়বে।’

সোমবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় বিলটি উত্থাপনে ব্যর্থ হওয়ার পর সালমান খুরশিদ ফোনে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতাকে তিনি বিলের গুরুত্ব অনুধাবন করতে অনুরোধ করেন। খুরশিদকে মমতা জানান, তিনি সংসদীয় দলের তিন নেতাকে এ বিষয়ে দায়িত্ব দিচ্ছেন। রাজ্যসভার সদস্য মুকুল রায় ও ডেরেক ওব্রায়ানের সঙ্গে দায়িত্ব পান লোকসভার সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথম আলোকে সুদীপ বলেন, ‘রাজ্যে পঞ্চায়েত গঠন নিয়ে মুকুল খুবই ব্যস্ত। কবে দিল্লি আসবেন এখনই জানা নেই। উনি এলেই আলোচনা হবে।’

তৃণমূল সূত্রের খবর, সেই আলোচনা আগামী সপ্তাহের আগে হচ্ছে না। কিন্তু ৩০ আগস্ট পর্যন্ত সংসদ চলবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। গতকাল সংসদের উভয় কক্ষই মুলতবি হয়ে যায় বিরোধীদের হই-হট্টগোলের দরুন। অভিযোগ উঠেছে, কয়লা কেলেঙ্কারির বেশ কিছু ফাইল কয়লা মন্ত্রণালয় থেকে গায়েব হয়ে গেছে। সিবিআই জানিয়েছে, কয়লা কেলেঙ্কারির তদন্তের জন্য ওই ফাইলগুলো বারবার চেয়েও তারা পায়নি। ক্ষুব্ধ বিরোধীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সংসদ অচল করে দেন। তাঁরা কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়ালের বিবৃতিতে সন্তুষ্ট নন।

অচলাবস্থা কাটাতে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। কিন্তু সেখানেও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অটল থাকায় সংসদীয়মন্ত্রী কমলনাথ সংসদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

ফলে বিরোধীদের সঙ্গে সরকারের যদি মিটমাট না হয় এবং সংসদ যদি বন্ধ হয়ে যায়, তাহলে সীমান্ত বিল উত্থাপনও করা যাবে না। সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে পরবর্তী শীতকালীন অধিবেশনের জন্য। তার আগেই সরকার যদি নির্বাচন ঘোষণা করে দেয়, তাহলে বিলটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।