সীমান্তে কম্বোডিয়া ও থাই সেনাদের সংঘর্ষ অব্যাহত
কম্বোডিয়া ও থাইল্যান্ডের বিরোধপূর্ণ সীমান্তে গতকাল সোমবার দুই দেশের সেনাদের মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ হয়েছে। জাতিসংঘের মহাসচিব বিরোধ নিষ্পত্তি করে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।২০০৮ সালের জুলাই মাসে সীমান্তে কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ দুটি দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংঘর্ষের কারণ প্রিয়া ভিয়ের নামে একটি মন্দির। জাতিসংঘ একাদশ শতাব্দীর ওই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়ার পর এর জমির মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ দেখা দেয়। দুটি দেশই মন্দিরের চারপাশে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটার এলাকাকে নিজেদের বলে দাবি করছে।কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ডের সেনারা মন্দিরের জায়গা দখল করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষে তাদের একজন সেনা নিহত হন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় গুলি ও মেশিনগানের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। চার দিনের সংঘর্ষে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে।কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অব্যাহত সংঘর্ষের জন্য থাইল্যান্ডকে দায়ী করে জরুরি বৈঠকে বসতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি ও রয়টার্স।