সীমান্তে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সীমান্তের কাছে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাংক, গোলন্দাজ বাহিনী ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এ ধরনের দ্বিতীয় মহড়া এটি। উত্তর কোরিয়া এই মহড়ার নিন্দা জানিয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে, ‘পবিত্র যুদ্ধে’ তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতেও প্রস্তুত।গত মাসে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণের ঘটনার পর থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। উত্তর কোরিয়ার গোলাবর্ষণের জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পদক্ষেপ সে দেশে প্রচণ্ড সমালোচিত হয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক পরবর্তী যেকোনো হামলার কঠোর জবাব দিতে সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ বলেছে, ‘আমাদের অবশ্যই শক্তিশালী ও বড় ধরনের আক্রমণ চালানো উচিত, যাতে তারা (উ. কোরিয়া) আবার আমাদের উসকানি দিতে না পারে।’মিয়ুং-বাক আরও বলেন, উত্তর কোরিয়ার জনগণ না খেয়ে মারা যাচ্ছে, অথচ সেখানকার শাসকগোষ্ঠী অর্থ অপচয় করে পরমাণু বোমা তৈরি করছে।উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে পোচেয়ন রেঞ্জে মহড়া চালানো হয়। মহড়ায় ৩০টি ট্যাংক, ১১টি সাঁজোয়া যান, ছয়টি যুদ্ধবিমান, সাতটি হেলিকপ্টার, গোলন্দাজ বাহিনীর ৩৬টি সমরাস্ত্রসহ বিভিন্ন ধরনের সামরিক উপকরণ ব্যবহার করা হয়।এদিকে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী কিম ইয়ুং-চুন বলেছেন, দক্ষিণ কোরিয়া কোনো ধরনের সংঘাত শুরু করতে চাইলে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, গোলাবর্ষণ মহড়া চালানোর মাধ্যমে একটি যুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে সিউল। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানায়। অবশ্য সিউলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা আত্মরক্ষামূলক মহড়া। এএফপি।