সীমান্তে ফের গুলি পাকিস্তানি সেনা নিহত
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত মঙ্গলবার রাতে গুলিতে পাকিস্তানের এক সেনা নিহত হয়েছে। ভারতের সেনাবাহিনীর গুলিতে ওই সেনা নিহত হয় বলে অভিযোগ করেছে পাকিস্তান। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।এ নিয়ে গত কয়েক দিনে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ভারত ও পাকিস্তানের অন্তত পাঁচ সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। একে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনাকর এই পরিস্থিতির জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করছে।পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল বুধবার এক বিবৃতিতে দাবি করে, মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতের সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের এক সেনা ‘শহীদ হয়েছেন’। বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সামরিক অভিযানের পরিচালক এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতের সেনাবাহিনীর কাছে চিঠি পাঠাবেন। চিঠিতে সীমান্তে হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানানো হবে। ভারতের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আর কে পল্টা বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীই সীমান্তের পুনচ সেক্টরে আমাদের সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায়। আমাদের সেনাসদস্যরা গুলি চালাননি।’এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য ভারতকে ‘যুদ্ধবাজ’ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত হিনা বলেন, ‘আমি খুশি যে ভারতের উসকানির পরও আমরা কথা বা কাজ দিয়ে এর জবাব দিইনি।’ তিনি বলেন, ‘আমাদের আলোচনার দরজা বন্ধ করা উচিত হবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’ ভারতের এক সেনাকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাথা বিচ্ছিন্ন করার প্রশ্নই ওঠে না। এমন কর্তৃত্ব কাউকে দেওয়া হয়নি। এটা আমাদের শান্তিপ্রক্রিয়ার প্রতি অঙ্গীকারের সঙ্গে মেলে না।’ এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।