তুরস্ক সীমান্তে বিদ্রোহীদের ওপর গতকাল মঙ্গলবার প্রচণ্ড আক্রমণ চালিয়েছে সিরীয় বাহিনী। এমন এক সময়ে মানবাধিকারকর্মীরা এ খবর দিলেন, যখন রক্তপাত বন্ধে জাতিসংঘ-আরব লিগের প্রস্তাবের বিষয়ে সিরীয় কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় তুরস্কের আঙ্কারায় অবস্থান করছিলেন বিশেষ শান্তিদূত কফি আনান।এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী ৭ মে পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তবে যুক্তরাষ্ট্র এ নির্বাচন ঘোষণাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছে। সিরিয়ার নেতা থেকে ‘সুনির্দিষ্ট প্রস্তাবের’ অপেক্ষায় আছেন বলে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ঘোষণা দেওয়ার পরই প্রেসিডেন্ট আসাদ এ ঘোষণা দিলেন।২০০৭ সালে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে বাশারের বাথ পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল প্রোগ্রেসিভ ফ্রন্ট জয়ী হয়েছিল। গত সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল; কিন্তু আসাদবিরোধী আন্দোলনের মুখে সংস্কারকাজ এগিয়ে নিতে নির্বাচন পেছানো হয়।লন্ডনভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার সরকারি নিরাপত্তাকর্মীরা জাবাল আল-জওয়িয়া এলাকার এল-বারা শহরে গতকাল ভারী কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করে। সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমের এই এলাকা বিদ্রোহীদের সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অবজারভেটরি জানায়, সশস্ত্র বিদ্রোহীরা পরে মারেত আল-নুমান শহরে সরকারি সেনাদের একটি নিরাপত্তা চৌকিতে পাল্টা আক্রমণ করে এর জবাব দেয়। এ সময় ১০ সিরীয় সেনা নিহত হয়। ইদলিবসহ আশপাশের কয়েকটি শহর বিদ্রোহীদের কাছ থেকে দখলে নিতে ৯ মার্চ থেকেই সিরীয় বাহিনী পাহাড়বেষ্টিত তুর্কি সীমান্তবর্তী ওই এলাকাগুলোয় অভিযান জোরদার করেছে। বিদ্রোহীরা সেখানে অনেক দিন ধরেই ঘাঁটি গেড়ে আছে।এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কূটনীতিকেরা জানিয়েছেন, জাতিসংঘ-আরব লিগের বিশেষ শান্তিদূত কফি আনান রক্তপাত বন্ধে যে শান্তিপ্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে বাশার আল-আসাদ কোনো জবাব দিলে তা মঙ্গলবারের মধ্যে দিতে হবে। শান্তিপ্রস্তাব নিয়ে গত শনিবার দুই দিনের সফরে দামেস্ক পৌঁছান কফি আনান। প্রেসিডেন্ট আসাদসহ সিরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক শেষে তিনি গত রোববার দামেস্ক ত্যাগ করেন।বিশেষ দূত আনান গতকাল তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘আমি সিরীয় কর্তৃপক্ষের কাছ থেকে আজ (মঙ্গলবার) জবাব শোনার প্রত্যাশা করছি। কারণ, আমি বেশ কিছু সুস্পষ্ট প্রস্তাব বিবেচনার জন্য রেখে এসেছি। তাদের জবাব পাওয়ার পরই আমরা সে বিষয়ে প্রতিক্রিয়া জানাব।’দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকের পর আনান বলেছিলেন, তিনি সিরিয়ায় রক্তপাত বন্ধ করা এবং মানবিক সংকটাপূর্ণ এলাকাগুলোতে সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়ার ‘সুস্পষ্ট প্রস্তাব’ দিয়েছেন।‘সীমান্তে মাইন স্থাপন করেছে সিরীয় বাহিনী’: মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ গতকাল জানিয়েছে, সিরিয়ার লেবানন ও তুরস্ক সীমান্তে স্থলমাইন স্থাপন করেছে সিরীয় নিরাপত্তাকর্মীরা। কারণ, দেশের ভেতরে চলা সংঘাত থেকে বাঁচতে ওই সীমান্তপথগুলো দিয়ে অনেকেই লেবানন ও তুরস্কে পালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনটি এ-সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তুরস্ক, লেবানন ও সিরিয়ার অভ্যন্তরের সেসব প্রত্যক্ষদর্শীর বরাত দেওয়া হয়েছে, যারা হয় নিরাপত্তাকর্মীদের মাইন স্থাপন করতে দেখেছে, নাহয় ওই মাইন বিস্ফোরণে আহত হয়েছে। এএফপি, রয়টার্স।