সীমান্তে রাশিয়া পাল্টা ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে নির্মাণাধীন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার মতো ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। এর মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। তারা পশ্চিম ও দক্ষিণ সীমান্তেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে। গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ কথা বলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, ইউরোপে তাদের ক্ষেপণাস্ত্ররোধী ঢাল নির্মাণের কাজ পরিকল্পনামতো এগিয়ে যাবে।ন্যাটোর মিত্রদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর যে প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলছে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নেবে। বিশ্লেষকেরা মনে করছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে মেদভেদেভ এসব গরম গরম কথা বলছেন। এ ক্ষেত্রে মোক্ষম লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছেন পশ্চিমা বিশ্বকে। ২০২০ সালের মধ্যে ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা নির্মাণে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে পাল্টা ব্যবস্থা নিতে মেদভেদেভ ধারাবাহিকভাবে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন।মেদভেদেভ বলেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত নিজ অঞ্চল কালিনিনগ্রাদে আগাম সংকেত দিতে সক্ষম একটি রাডার চালু করবে রাশিয়া। পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিরক্ষা-ব্যবস্থা উন্নত করতে রাডারটি চালু করবেন তাঁরা।রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশের সীমান্তে অবস্থিত কিলিনানগ্রাদে ইসকান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েনে তাঁরা প্রস্তুত। এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। সেখানে সীমান্তসংলগ্ন দুটি দেশ হচ্ছে জর্জিয়া ও তুরস্ক। জর্জিয়ার সঙ্গে রাশিয়ার বৈরিতা রয়েছে। তুরস্ক ন্যাটোর সদস্য। মেদভেদেভের হুমকির জবাবে ওয়াশিংটন থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভাইটর বলেন, ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা থেকে আমরা পিছপা হব না। এই পরিকল্পনার কোনো পরিবর্তনও হবে না। তিনি বলেন, ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে রাশিয়ার কাছে তাঁদের অবস্থান খোলামেলা ও স্বচ্ছ। মিত্র দেশগুলোর জন্য ইরানের হুমকি হয়ে ওঠার বিষয়টি দিন দিন বাড়ছে বলেই তাঁরা এই প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ছেন। ভাইটর বলেন, আমরা নানাভাবে রাশিয়ার কর্মকর্তাদের বলেছি যে ইউরোপে আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা-ব্যবস্থার জন্য কোনো হুমকি নয়। রোমানিয়া ও পোল্যান্ড মার্কিন এই প্রতিরক্ষা-ব্যবস্থার একটি অংশ তাদের ভূখণ্ডে স্থাপনের অনুমতি দিয়েছে। ওয়াশিংটন যতই বলুক যে তাদের এই পদক্ষেপ শুধু ইরানের মতো ‘দুর্বৃত্ত’ দেশের ক্ষেত্রে কার্যকর হবে। কিন্তু রাশিয়া মনে করছে যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা নেওয়া তাদের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। এএফপি, রয়টার্স।