সীমাবদ্ধতা থাকলেও গুরুত্ব অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির অন্তর্বর্তী সমঝোতার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার পরও প্রায় এক দশক ধরে চলা অচলাবস্থার পর এই সমঝোতা বেশ গুরুত্বপূর্ণ।
সমঝোতা চুক্তির পরদিনই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে।
যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই বলতে পারে, বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়ার পর সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। বাস্তবে এই ছাড়ের প্রভাব খুবই সীমিত। এই সমঝোতায় অখুশি ইসরায়েল সমঝোতাকে ‘ঐতিহাসিক ভুল’ আখ্যা দিয়েছে।
ছয় বিশ্বশক্তি-ইরান সমঝোতা অনুযায়ী তেহরান ৫ শতাংশের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, নতুন করে কোনো সেন্ট্রিফিউজ চালু বা পরবর্তী প্রজন্মের সেন্ট্রিফিউজ ব্যবহার করতে পারবে না এবং আরাক পারমাণবিক চুল্লির নকশা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে সরবরাহ করতে হবে। বিনিময়ে আগামী ছয় মাস তেহরানের ওপর ছয় বিশ্বশক্তি পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না; সোনা, মূল্যবান ধাতুসহ বেশ কিছু খাতে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমঝোতার বিষয়টি মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এই সমঝোতা আপাতত মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ ঠেকিয়েছে বলে মনে করা হচ্ছে। এই সমঝোতার আরেকটি বড় সাফল্য হলো, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার একটি বাস্তবসম্মত ভিত্তি তৈরি হয়েছে।
অবশ্য সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে ইসরায়েল ছাড়াও ইরানবিদ্বেষী সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ অস্বস্তি প্রকাশ করেছে।
জেনেভা সমঝোতায় পৌঁছাতে ইরানকে কিন্তু সেই অর্থে খুব বেশি ছাড় দিতে হয়নি। ইরান ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্তর্বর্তী সমঝোতার ছয় মাস একই অবস্থায় রাখার সুযোগ পেয়েছে। এটাই ইসরায়েলের জন্য অস্বস্তির বিষয়। ইউরেনিয়াম ৫ শতাংশের বেশি সমৃদ্ধ না করার প্রস্তাবের পাশাপাশি ইরান নতুন করে কোনো সেন্ট্রিফিউজ চালু না করার বিষয়টিও মেনে নিয়েছে। আইএইএয়ের পরিদর্শক দলকে ইরানের স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়াও একটি ইতিবাচক দিক।
সমঝোতার বিপরীতে ইরানকে কিছু সুবিধা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, ইরানের পারমাণবিক কর্মসূচিতে আগের চেয়ে অনেক বেশি জবাবদিহির বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কিছু অংশ প্রত্যাহার করা হলেও তা স্থায়ী নয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগেই বলে রেখেছেন, সমঝোতার শর্ত পালনে ব্যর্থ হলে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ওবামা-নেতানিয়াহু ফোনালাপ: ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত রোববার ফোনে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
ইরানি আলোচকদের ফুলেল শুভেচ্ছা: জেনেভায় সমঝোতার পর তেহরানে ফিরে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা পেলেন ইরানি আলোচকেরা। বিমানবন্দরে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, এই সমঝোতাকে সঠিক পথে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এএফপি ও বিবিসি।