সীমােন্ত অনুপ্রবেশ রোধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভায় গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l ছবি: এনডিটিভির সৌজন্যে
লোকসভায় গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ সমস্যার মোকাবিলা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। গতকাল সোমবার ভারতের লোকসভায় দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের এই অঙ্গীকারের কথা বলা হয়েছে।
একই সঙ্গে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতিতে সরকার দৃঢ় ও অভূতপূর্ব বার্তা দিয়েছে। সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী ও স্থিতিশীল সম্পর্ক গড়তে চায়, যা এ দেশগুলোর অর্থনৈতিক পারস্পরিক বিকাশের পথ সুগম করবে। এভাবে সার্ক সংগঠনও পুনরুজ্জীবিত ও শক্তিশালী হবে।
নতুন লোকসভার শুরু সব সময় প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয়। রাষ্ট্রপতি দুই কক্ষের যৌথ অধিবেশনে সেই ভাষণ দেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করে। কাজেই রাষ্ট্রপতির ভাষণ আদতে সরকারের নীতি ও লক্ষ্যেরই নির্দেশক।
রাষ্ট্রপতির সেই ভাষণে বেআইনি অনুপ্রবেশের মোকাবিলার কথা বলার মধ্য দিয়ে এটা প্রতিভাত হলো, নির্বাচনী প্রচারে প্রধানত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের যে বিষয়টি নরেন্দ্র মোদি বড় করে তুলে ধরেছিলেন, সেটি থেকে তিনি সরে আসছেন না। ভাষণে অনুপ্রবেশের মোকাবিলার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সীমান্তে যে অংশে বেড়া দেওয়া বাকি রয়েছে, তা দ্রুত শেষ করা হবে। কাশ্মীর থেকে আসা হিন্দুরাও যাতে নিজ ভূমে ফিরে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, তাও সুনিশ্চিত করা হবে।
সরকারের অভিপ্রায় স্পষ্ট করে রাষ্ট্রপতি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি উদ্বেগের বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনায় তুলতে সরকার দ্বিধা করবে না। নিরাপত্তা নিশ্চিত না হলে, সন্ত্রাসের রপ্তানি বন্ধ না হলে পারস্পরিক বিকাশের ভিত দৃঢ় হতে পারবে না।
দ্বিপক্ষীয় এ বিষয় ছাড়া ভারতের নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য যে অর্থনৈতিক বিকাশ ও দারিদ্র্য দূরীকরণ—রাষ্ট্রপতির ভাষণে তা স্পষ্ট। ভাষণে তিনি বলেন, সরকার গরিবদের প্রতি নিবেদিত। দারিদ্র্যের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। হতাশার কোনো ভৌগোলিক সীমানা নেই। দারিদ্র্যের হাত থেকে মানুষকে বাঁচানোই সরকারের প্রথম ও প্রধান কাজ। তা করতে গেলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এ মুহূর্তের প্রধান চ্যালেঞ্জের বিষয়টিও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ বছর বৃষ্টির পরিমাণ কম হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। ‘এল নিনো’র সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এই বিষয়ে সজাগ। এর মোকাবিলার পরিকল্পনাও করা হচ্ছে।
নির্বাচনী প্রচারে বিজেপি যে যে বিষয়ের ওপর জোর দিয়ে এসেছে কিংবা যে যে স্লোগান দিয়েছিল (সবকা সাথ, সবকা বিকাশ, হর খেত কো পানি ইত্যাদি), সেগুলোই এ ভাষণে স্থান পেয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি বলেছিলেন, এখন তিনি কোনো দলের নন, এখন তিনি সারা দেশের। তার প্রমাণ রাখতেই সম্ভবত রাষ্ট্রপতির ভাষণে সংখ্যালঘুদের প্রসঙ্গ টানা হয়েছে। বলা হয়েছে, স্বাধীনতার এত বছর পরেও দেশের সংখ্যালঘুরা দারিদ্র্যপীড়িত রয়ে গেছে। কারণ, সরকারের প্রকল্পগুলোর সুফল তাদের কাছে পৌঁছায়নি। নতুন সরকার সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই বিকাশের পথে এগোবে। তাদের সমান অংশীদার হিসেবে দেখবে। সংখ্যালঘুদের মধ্যে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার বিস্তারে বিশেষ ব্যবস্থা েনওয়া হবে। মাদ্রাসাগুলোর আধুনিকায়নেও ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, নারীদের প্রতি অত্যাচার নতুন সরকার একেবারেই বরদাস্ত করবে না। নারীর সক্ষমতা বাড়াতে সংসদ ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, নতুন সরকার হবে স্বচ্ছতার প্রতীক। এই সরকারে দুর্নীতির কোনো স্থান হবে না।