সু চি এনএলডির প্রধান পদে পুনর্নির্বাচিত
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আবারও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার দলীয় কংগ্রেসে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।ইয়াঙ্গুনে আয়োজিত দলীয় কংগ্রেসে এনএলডির শত শত নেতা-কর্মী সমর্থক অংশ নেন। এর মধ্য দিয়ে দলটি নিজেদের রাজনৈতিক সামর্থ্যও দেখাল।সু চি (৬৭) কংগ্রেসে দেওয়া বক্তৃতায় দলীয় নেতাদের নতুন নেতা নির্বাচন করার আহ্বান জানান। তবে নেতারা আবারও তাঁকেই নেতা নির্বাচন করেন। ২০১৫ সালে মিয়ানমারে সাধারণ নির্বাচন হওয়ার কথা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ওই নির্বাচনে সু চির দলই জয়ী হবে বলে আশা করছেন দলটির নেতা-কর্মীরা। তবে দলটির অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।পশ্চিমা একজন কূটনীতিক বলেন, এনএলডি এখনো দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত নয়। তাদের সামর্থ্যের অভাব রয়েছে।এনএলডির মুখপাত্র হান থা মিন্ট বলেন, ‘আমরা দলে তরুণদের অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিচ্ছি। এর কারণ হলো, শীর্ষ নেতারা বুড়িয়ে গেছেন। তরুণ নেতাদের সামর্থ্যও বাড়াতে হবে।’ এএফপি।