সু চি গৃহবন্দী থেকে মুক্তি পেতে পারেন নভেম্বরে
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে এ বছরের মধ্যে গৃহবন্দী থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সামরিক সরকার। সরকারি সূত্র জানায়, সম্প্রতি মিয়ানমারের প্রধান নগর ইয়াঙ্গুনে স্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাউং উ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে সু চিকে মুক্তি দেওয়া হতে পারে।সু চির আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, তিনিও মুক্তির ঘোষণা দেওয়ার গুজব শুনেছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি।মিয়ানমারের সরকার এর আগে বিভিন্ন সময় সু চির মুক্তির ব্যাপারে ইঙ্গিত দিলেও এবারই প্রথম মুক্তির নির্দিষ্ট সময় ঘোষণা করা হলো। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি গত ২০ বছরের ১৪ বছরই গৃহবন্দী রয়েছেন। গত বছর যুক্তরাষ্ট্রের এক নাগরিক জন ইয়েত্ত গোপনে লেক সাঁতরে সু চির বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় সু চির কোনো দোষ না থাকলেও জান্তা সরকার তাঁর বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগ আনে। ওই বছরের আগস্ট মাসে সু চির গৃহবন্দীর মেয়াদ ১৮ মাস বাড়িয়ে দেন আদালত।সূত্র আরও জানায়, সু চির আগে তাঁর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটিক পার্টির (এনএলডি) ভাইস চেয়ারম্যান মাং উকে (৮২) আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে মুক্তি দেওয়া হতে পারে। এক দশকের বেশি সময় ধরে তিনি কারাগারে, নয়তো গৃহবন্দী হিসেবে কাটাচ্ছেন।১৯৯০ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দেশটির সামরিক জান্তা তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। বিবিসি, টেলিগ্রাফ।