সু চি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেনে নেবেন থেইন সেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি যদি জনগণের ভোটে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তা হলে তাঁকে মেনে নেবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন। বিবিসির হার্ডটক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত শনিবার বিবিসির অনলাইনে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। থেইন সেইন বলেন, ‘জনগণ সু চিকে নির্বাচিত করলে আমিও গ্রহণ করব। ২০১৫ সালে অনুষ্ঠেয় ওই নির্বাচনে জনগণের রায়ে যে-ই বিজয়ী হোন না কেন, তাঁকে মেনে নেওয়া হবে।’ সংস্কার উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, তিনি এবং সু চি একসঙ্গে কাজ করছেন। তাঁদের মধ্যে কোনো ‘সমস্যা’ নেই। সংবিধান সংশোধনের বিষয়টি জনগণ ও পার্লামেন্টের সদস্যদের ওপর নির্ভর করছে। এ ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। পার্লামেন্টের প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্ব সম্পর্কে সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং রাজনীতি থেকে তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। তাই দেশের রাজনীতিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে।নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির প্রতি সম্মানসূচক মন্তব্য করেন প্রেসিডেন্ট সেইন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া ভাষণেও তিনি সু চির ভূয়সী প্রশংসা করেন।মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ পুরোপুরি প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুনরায় আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সামরিক জান্তার বিদায়ের পর দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সরকারের সম্পর্ক বর্তমানে সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন সেইন থেইন। দেশটিতে অভ্যন্তরীণ জাতিগত বিরোধ ও সহিংসতার অবসান ঘটানোর প্রতিশ্রুতিও দেন তিনি। বিবিসি ও এএফপি।